নবজন্মের শহরে বাংলাদেশের জেগে ওঠার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপিয়ারে বাংলাদেশ দলের হোটেলের সামনের সাগরপারে পানিয়ার ভাস্কর্য। মাওরি উপকথার সেই জলকন্যা, এক মাওরি গোত্রনেতার টানে যে ছেড়ে এসেছিল জলের নিচের সব স্বজনকে। সকাল-সন্ধ্যা সেই স্বজনেরা আকুল হয়ে ফিরে যেতে বলত পানিয়াকে। একদিন তাদের ডাকে সাড়া দিয়ে জলে নামল পানিয়া, আর ফেরা হলো না। জলের নিচে টেনে নিয়ে তাকে পাথর বানিয়ে রাখল ক্ষুব্ধ স্বজনেরা। হোটেলের নামও পানিয়ার নামেই। টে পানিয়া।নিছকই কল্পকথা। তা নেপিয়ার শহরের গল্পও তো কল্পকথার মতোই। ৭.৮ মাত্রার ভূমিকম্পে মাটিতে মিশে যাওয়া শহরের নতুন করে জেগে ওঠা কল্পকথা নয় তো কি! সেই ভূমিকম্পের ৭৯তম বার্ষিকী গেল গত পরশু। নবজন্মের সেই শহরেই বাংলাদেশ দলেরও আবার নতুন করে জেগে ওঠার লড়াই।এখানে ভূমিকম্পের নাম টি-টোয়েন্টি। ৭৮ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হার তো আত্মবিশ্বাসের ভিতে ৭.৮ মাত্রা কম্পনই। জেমি সিডন্সের কথায় অবশ্য সাকিবেরই প্রতিধ্বনি। টি-টোয়েন্টিটা বাংলাদেশ ভালো খেলে না, এটা তো জানা কথাই। এ নিয়ে এত ভাবার কী আছে? ‘টি-টোয়েন্টি এত দিন পর পর খেলি যে, ব্যাটিং অর্ডারই ঠিক করতে পারিনি এখনো। কাকে খেলানো উচিত, কাকে নয়—এটাও যেমন পুরোপুরি বুঝতে পারি না’—কাল ওয়ানডে সিরিজ শুরুর আগের সন্ধ্যায় বললেন সিডন্স।সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ঘোষণা করেছেন, ‘গত ছয় মাস-এক বছরে আমরা যে উন্নতি করেছি, এই সিরিজে বিশ্বকে তা দেখাতে চাই।’ জেমি সিডন্সও মনে করেন, টি-টোয়েন্টির বাংলাদেশ আর ওয়ানডের বাংলাদেশ এক নয়। এখানে বাংলাদেশ যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকেও? কাজটা কঠিন বলে মানছেন, অসম্ভব বলে নয়। দুই বছর আগের নিউজিল্যান্ড সফরের সময়কার জেমি সিডন্সের সঙ্গে বড় একটা পার্থক্যের কথা বলছেন নিজেই, ‘তখন জিতব বলে আমারই বিশ্বাস ছিল না। এখন বিশ্বাস করি, এই দল জেতার ক্ষমতা রাখে।’কথাটা বাংলাদেশের চেয়েও যেন বিশ্বাস করছে নিউজিল্যান্ড! ড্যানিয়েল ভেট্টোরি বারবারই বলে আসছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা মোটেই ‘মাঠে নামব, জিতে চলে আসব’ ব্যাপার হবে না। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পরও ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, ‘আমরা জানি, এই দল যেকোনো দিন আমাদের হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জিততে হলে আমাদের এই ম্যাচের মতোই ভালো খেলতে হবে।’ক্রিকেটীয় সৌজন্য বলবেন? হতে পারে। বীরেন্দর শেবাগকে ব্যতিক্রম ধরলে যেকোনো সিরিজেই প্রতিপক্ষের কাছ থেকেই তো এমন পিঠ চাপড়ানি পেয়ে আসছে বাংলাদেশ। তবে শেবাগও কিন্তু ওয়ানডেতে যেকোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা স্বীকার করেই শুধু টেস্টেই ‘অর্ডিনারি’ বলেছিলেন বাংলাদেশকে।নিউজিল্যান্ড দলে টেন্ডুলকার-ধোনির মতো এমন কোনো সুপারস্টার নেই বলে দলকে সাহস দেওয়ার চেষ্টা করছেন সিডন্স। জেসি রাইডার, শেন বন্ড, ম্যাথু এলিয়ট ও কাইল মিলসের মতো নিয়মিত চারজন খেলোয়াড় এবার নেই—বলতে পারতেন এটাও। তবে এই চারজন নেই, তাতে কী! বাংলাদেশের বিপক্ষে ভেট্টোরি যে একাই এক শ হয়ে যান!এর পুরো ব্যাখ্যা সিডন্সের কাছেও নেই। অস্ট্রেলীয়রাও যে ভেট্টোরিকে বিশ্বের সেরা স্পিনার বলে মনে করে, এটা মনে করিয়ে দিলেন। আবার এটাও বললেন, ‘ও তো সাকিবের চেয়ে খুব একটা বেশি ভালো নয়।’ তা-ই যদি হয়, তাহলে সমস্যাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের। নইলে দুই বছর আগে কুইন্সটাউন ওয়ানডেতে ৭ রানে ৫ উইকেট, গত পরশু হ্যামিল্টন টি-টোয়েন্টিতে ৬ রানে ৩ উইকেটের কী ব্যাখ্যা?যেমন ব্যাখ্যা খুঁজে পাবেন না জেমি সিডন্সের ওয়ানডে সিরিজ জয়ের ঘোষণায়। ওয়ানডেতে বাংলাদেশ অনেক ভালো দল বলে যে দাবি, সেটি তো আরও জোরেশোরে করতে পারে নিউজিল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার পর আমিরাতে পাকিস্তানের বিপক্ষে জয়—নিউজিল্যান্ডের সর্বশেষ দুটি ওয়ানডে-মিশনই রীতিমতো চমকে দেওয়ার মতো। আর এখানে বাংলাদেশের প্রতিপক্ষ তো শুধু নিউজিল্যান্ডই নয়। শরীরে সময়-পার্থক্যের প্রভাব, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ না-পাওয়া, পরশু রাতে টি-টোয়েন্টি খেলে পরদিন সকালেই নেপিয়ারে দৌড়, পরদিনই আবার খেলা—এত সব প্রতিকূলতা জয় করে বাংলাদেশ একটা ওয়ানডে জিতে গেলেও সেটিকে দিতে হবে প্রায় অলৌকিক ঘটনার মর্যাদা।প্রথম ওয়ানডেটা নেপিয়ারে হয়ে অবশ্য ভালোই হয়েছে। নিউজিল্যান্ডে কোনো উইকেটকে যদি ব্যাটিং-স্বর্গ বলতে হয়, সেটি এই ম্যাকলিন পার্কের উইকেট। দুই বছর আগের সফরে বাংলাদেশও এর প্রমাণ পেয়েছে। তবে শুধু নিউজিল্যান্ডের ইনিংসের সময়ই। নিউজিল্যান্ড ৩৩৫ রান করার পর বাংলাদেশ তো করতে পেরেছিল মাত্র ১৮১।প্রথমে ব্যাটিং করলে নিউজিল্যান্ডকে হারাতে এর চেয়ে কমপক্ষে এক শ রান বেশি করতে হবে মনে করেন সিডন্স। করবেটা কে? কোচ তাকিয়ে আছেন তামিম আর সাকিবের দিকে। দুজনকেই ‘ওয়ার্ল্ড ক্লাস’ বলে স্বীকৃতি দিয়ে তামিমকে দিলেন চওড়া সার্টিফিকেট, ‘তামিম ইজ ফ্লাইং। ওর মধ্যে যে আত্মবিশ্বাস, তাতে বছর দুয়েকের মধ্যে ও বিশ্ব ক্রিকেটে আধিপত্য ছড়াতে শুরু করবে।’আদ্যন্ত পেশাদার। সব মনোযোগ এখন এই সিরিজেই। তবে সিডন্সের জন্য কাজটা মোটেই সহজ হচ্ছে না। কাল ব্রিসবেন থেকে তাঁর সঙ্গিনীর মস্তিষ্কের পরীক্ষা-নিরীক্ষার যে ফল এসেছে, দুঃসংবাদই বয়ে এনেছে সেটি। ‘স্কুরোসিস’ না কী যেন একটা জটিল রোগ ধরা পড়েছে। নিরাময়যোগ্য, তবে শেষ পর্যন্ত কী হবে কে জানে!এ মুহূর্তে অবশ্য সিডন্সের কাছে অনিরাময়যোগ্য বলে মনে হচ্ছে বাংলাদেশের ক্যাচিং-ব্যর্থতাকে। টি-টোয়েন্টিতে সহজ ক্যাচ ফেলেছেন মাহমুদউল্লাহ ও তামিম, দলের মধ্যে যাঁরা তুলনামূলক ভালো ফিল্ডার বলে স্বীকৃত। ‘ভারতের বিপক্ষে সিরিজে আমরা টেন্ডুলকার-দ্রাবিড়ের ক্যাচ ফেলেছি। ওদের মতো ব্যাটসম্যানকে সুযোগ দিলে ওরা সেঞ্চুরি মারবেই। এখানে ম্যাককালামের ক্যাচ ফেললে দেখা যাবে, ও দেড় শ করে ফেলেছে’—এই প্রথম সিডন্সকে অসহায় দেখাল।টি-টোয়েন্টির দল থেকে প্রথম ওয়ানডেতে পরিবর্তন একটাই। আফতাব আহমেদের জায়গায় ঢুকেছেন ইমরুল কায়েস। আফতাব কি তাহলে শুধু টি-টোয়েন্টির জন্যই এসেছেন? সিডন্স জানিয়ে দিলেন, আশরাফুল বা রকিবুলের কেউ একজন ব্যর্থ হলেই শুধু ওয়ানডেতে সুযোগ পাবেন আফতাব।গত এক বছরে ১৭টি ইনিংসে রকিবুলের মাত্র একটি ফিফটি। কিন্তু সিডন্স তাঁর সামান্য শ্রেয়তর ব্যাটিং গড়েই আবিষ্ট এখনো!