নবজাতক চুরির অভিযোগে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার দুজনকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন: সোনিয়া আক্তার (২৭) ও আবু তাহের (৩৫)। তাঁরা স্বামী-স্ত্রী বলে আবু তাহের দাবি করেছেন। তাঁদের বাড়ি রাজধানীর লালবাগ এলাকার শহীদনগরের ৫ নম্বর গলিতে। আর সোনিয়ার দাবি, তিনি গতকাল বিকেলে মেয়ে শিশুটির জন্ম দেন। শিশুটিকে বর্তমানে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে রাখা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে নবজাতক নিয়ে ঘোরাফেরা করছিলেন সোনিয়া। এ সময় ওয়ার্ডের সামনে কর্তব্যরত আনসার সদস্যরা সোনিয়াকে মেডিকেল পুলিশ ক্যাম্পে পাঠায়। একপর্যায়ে আবু তাহের নামে এক ব্যক্তি নিজেকে সোনিয়ার স্বামী দাবি করে পুলিশকে জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। এই শিশুটি তাঁদের। তবে পরীক্ষা-নিরীক্ষা করে সোনিয়া যে অন্তঃসত্ত্বা ছিলেন, এমন প্রমাণ মেলেনি। আটক সোনিয়া ও আবু তাহেরকে গতকাল রাতেই শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সোনিয়া অসংলগ্ন কথা বলছিলেন। প্রথমে জানান, তিনি শিশুটির মা। পরে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার আয়া তাঁকে বাচ্চাটি দিয়েছেন। পরক্ষণেই সোনিয়া বলেন, আজিমপুর ম্যাটারনিটি হাসপাতাল থেকে তিনি বাচ্চাটিকে নিয়েছেন। পুরো ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে ওসি ধারণা করছেন। তিনি বলেন, তদন্ত করলে পুরো ঘটনা জানা যাবে। সোনিয়ার কাছ থেকে চিকিত্সার বেশ কয়েকটি ব্যবস্থাপত্র উদ্ধার করা হয়েছে। শিশুটির সুস্থ আছে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের চিকিত্সক দীপা সাহা প্রথম আলো ডটকমকে বলেন, শিশুটি দুই থেকে তিন দিন আগে জন্মেছে। শিশুটির ওজন তিন কেজি।