প্রতিবছর বিশ্বে ১০ লাখ শিশু জন্মের প্রথম দিনেই মারা যায়। বাংলাদেশে হাজারে ২৬ জন। শিশুর মৃত্যুর জন্য প্রধান কারণগুলো হলো জন্মকালীন কম ওজন, জন্ডিস, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ইনফেকশন, টিটেনাস ইত্যাদি। আধুনিক চিকিৎসাব্যবস্থায় এসব গুরুতর সমস্যা দূর করার জন্য প্রয়োজন হয় ‘নিওন্যাটাল ইনকিউবেটর’, যাতে ফটোথেরাপির সুবিধাও থাকে। ইনকিউবেটরের সাহায্যে সদ্য জন্ম নেওয়া শিশুর দেহের তাপমাত্রা ঠিক রাখা হয়। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে পর্যাপ্তসংখ্যক ইনকিউবেটর নেই। এর প্রধান কারণ, বাজারে যেসব ইনকিউবেটর পাওয়া যায়, সেগুলো বিদেশে তৈরি এবং দাম দেড় লাখ থেকে ২১ লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করেছেন ইনকিউবেটর। নির্মাতারা হলেন দিহান মো. নুরুদ্দিন হাসান, মো. নাদিম ফেরদৌস হক, মো. আবদুল কাদের সাগর ও এস এম শাহরিয়ার তানজিল। তাঁরা সবাই তড়িৎকৌশল ও ইলেকট্রনিকস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।প্রারম্ভেতড়িৎ প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ‘ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই)’-এর বার্ষিক প্রতিযোগিতা ‘আইইইই প্রেসিডেন্টস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড কম্পিটিশন’। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নিজস্ব প্রকল্প ডিজাইন এবং নির্মাণ করে দেখাতে হয়। প্রকল্পের লক্ষ্য থাকে মানুষের জন্য সেবামূলক কিছু করা। এ কাজে হাসান-নাদিমদের উৎসাহ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি’ বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার সিদ্দিক-ই-রব্বানী। তিনি দীর্ঘদিন ধরে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপযোগী ও সহজলভ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন। প্রকল্পের নাম ঠিক হয়—লো কস্ট নিওন্যাটাল ইনকিউবেটর: এন অপটিমাম সলিউশন ফর প্রিম্যাচুর নিউবর্ন বেবিস ইন থার্ড ওয়ার্ল্ড। প্রকল্পের আদ্যোপান্তপ্রকল্পটির প্রধান চ্যালেঞ্জ ছিল প্রচলিত ইনকিউবেটরের সব সুবিধা বজায় রেখে খরচ আয়ত্তের মধ্যে নিয়ে আসা। আর তাই বুয়েটের শিক্ষার্থীরা ব্যবহার করেন কম ক্ষমতার দুটি পাখা। এই পাখাগুলোর একটি আর্দ্র বায়ু ও অপরটি উষ্ণ-আর্দ্র বায়ু শিশুর চেম্বারে পাঠিয়ে দেয়। এখানে আর্দ্র বায়ু সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক নেবুলাইজার, যা উচ্চ কম্পাঙ্কে পানি থেকে বাষ্পকণা তৈরি করে। এই আর্দ্র বায়ুকে গরম করার কাজে ব্যবহার করা হয়েছে ৫০০ ওয়াটের একটি হিটার, যা এসি ও ডিসি—দুই ধরনের বিদ্যুতেই চলে। তাপমাত্রা শনাক্তকারী হিসেবে শিশুর ত্বক ও বায়ুর তাপমাত্রা—দুটিই পরিমাপের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে একটি ব্যর্থ হলেও অপরটি রিডিং দিতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতা—দুটির জন্যই রয়েছে পৃথক অ্যালার্ম, যেগুলো একটি নির্দিষ্ট মানের নিচে গেলে বা ওপরে উঠলেই বেজে উঠবে। তাপমাত্রা ও আর্দ্রতা নির্দেশ করার জন্য রয়েছে একটি পরিপূর্ণ এলসিডি ডিসপ্লে। পানির লেভেল মাপার জন্যও রয়েছে পৃথক ব্যবস্থা ও অ্যালার্ম সিস্টেম। এই নির্দিষ্ট মানগুলোকে পরিবর্তন করতে রয়েছে আলাদা ইউজার প্যানেল।ইনকিউবেটরের সবকিছু নিয়ন্ত্রণ ও পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়েছে দুটি মাইক্রোকন্ট্রোলার। নবজাতকের জন্ডিসের কথা মাথায় রেখে ফটোথেরাপিরও ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের এলইডি প্যানেল সংযুক্ত করা হয়েছে, যেগুলোর তীব্রতা প্রয়োজন অনুযায়ী কমবেশি করা যাবে। বিদ্যুৎ চলে গেলেও জীবন তো আর থেমে থাকে না!আমাদের দেশে বিদ্যুতের ঘাটতি একটি বড় সমস্যা। কিন্তু বিদ্যুৎ না থাকলেও কাজ করতে হবে ইনকিউবেটরকে। নির্মাতারা ব্যাটারিচালিত ইনকিউবেটরের কথা ভেবেছেন। ফলে এই ইনকিউবেটরে সরাসরি ও ব্যাটারি—দুই ধরনের বিদ্যুতেই চলার মতো ব্যবস্থা রাখা হয়েছে। তা ছাড়া এটি সৌরশক্তি দিয়েও চালানো সম্ভব হবে, যা গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য নিঃসন্দেহে একটি নতুন দুয়ার খুলে দেবে।রক্ষণাবেক্ষণযেকোনো যন্ত্রের ক্ষেত্রেই নির্মাণ ছাড়াও ব্যবহারকালীন রক্ষণাবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। প্রচলিত মাইক্রোকন্ট্রোলার ও আইসি দিয়ে তৈরি হওয়ার কারণে সবই স্থানীয় বাজারেই পাওয়া সম্ভব। যন্ত্রাংশগুলো পৃথকভাবে সংযোজনের জন্য খরচ পড়বে ২৩ হাজার টাকার মতো আর বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করলে খরচ অর্ধেকে কমিয়ে আনা যাবে। আইইইইর প্রেসিডেন্টস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড কম্পিটিশন প্রতিযোগিতায় এ প্রকল্প বিশ্বের ১৮০টি দলের প্রথম ১৫টি দলের মধ্যে স্থান করে নিয়েছে। সিমুলেশন করে এর সব খুঁটিনাটি পরীক্ষা করে সফলতা পাওয়া গেছে, কিন্তু প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য না থাকায় পরিপূর্ণ ডিজাইন করা সত্ত্বেও ইনকিউবেটরটি এখনো বানানো সম্ভব হয়নি। সফল ডিজাইনের এ প্রকল্পটি প্রয়োজনীয় আর্থিক ও ব্যবসায়িক সহায়তা পেলে অচিরেই বাণিজ্যিকভাবে তৈরি করা সম্ভব হবে। বিজ্ঞান প্রজন্ম প্রতিবেদক