নবজাতকের ত্বকের সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটফুটে সুন্দর নবজাতক। ধবধবে ফর্সা গায়ের রং। সবাই খুশি নবজাতকের চেহারা দেখে। হঠাৎ মায়ের মনটা খারাপ হয়ে যায় গাল আর চোখের ওপর লালচে কালো দাগ দেখে। যেন ফর্সা গালে বক ঠুকরে দিয়েছে। খুব মন খারাপ করে মা যান চিকিৎসকের কাছে। চিকিৎসক আশ্বাস দেন, রক্তনালি খানিকটা স্ফীত হয়ে যাওয়ায় এ রকম দেখাচ্ছে। বছরখানেকের মধ্যে সেরে যাবে। মায়ের মন মানে না। এ রকম দাগ শল্যচিকিৎসা বা রশ্মি ছাড়া এমনিই চলে যাবে বলে মনে হয় না। বছর ঘুরতে না ঘুরতে চিকিৎসকের কথাই সত্যি হয়। নবজাতকের অনেক চর্ম-সমস্যার ক্ষেত্রেই দেখা যায় ভয় পাওয়াটা অমূলক। কয়েকটি সমস্যা বা আপাতদৃষ্ট সমস্যার কথা এখানে আলোচনা করছি—রং স্বাভাবিকের চেয়ে লালচে রং: জন্মের পর বাহ্য প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানোর মুহূর্তে নবজাতককে স্বাভাবিকের চেয়ে বেশি লালচে দেখাতে পারে। ক্ষেত্রবিশেষে অতিরিক্ত অক্সিজেন পেলে বা অতিরিক্ত গরমে এ ধরনের ঘটনা ঘটে। বিরল ক্ষেত্রে সত্যিকারভাবেই রক্তে লোহিত কণিকার পরিমাণ বেশি থাকে। জন্ডিস: রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে বাচ্চার রং হলুদ হয়ে যায়। প্রথম ২৪ ঘণ্টার মধ্যে এ রকম হলে এটা অস্বাভাবিক কোনো কারণে হয়। ২৪ ঘণ্টার পর সাধারণত স্বাভাবিক নিয়মে অতিরিক্ত লোহিত কণিকা ভাঙার কারণে হয়। ফ্যাকাশে রং: রক্তশূন্যতা, শ্বাস নিতে দেরি হওয়া বা জন্মগত হূদ-সমস্যার কারণে নবজাতক ফ্যাকাশে হতে পারে। নীলাভ রং: মুখ, ঠোঁটসহ চামড়া নীলাভ হয়ে গেলে এটা সাধারণত হার্টের অসুখের কারণে হয়। শুধু হাত-পায়ের নীল রং নবজাতকের ক্ষেত্রে একটি স্বাভাবিক ব্যাপার। নীল গোলাপি অথবা গোলাপি নীল: রক্ত সঞ্চালনের স্বল্পতা থেকে এ রকম সমস্যা হতে পারে। জালের মতো শিরা: এটা ঠান্ডা বা সংক্রমণের কারণে দেখা যেতে পারে। ভার্নিক্স ক্যাসিওসা: গ্রিজের মতো সাদা এ পদার্থ মায়ের পেটে ৩৮ সপ্তাহ বয়স পর্যন্ত চামড়াকে ঢেকে রাখে। এটা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। কলোডিয়ন বেবি: চামড়া পাতার মতো হয়ে যায়। নাক ও কানের গঠনে পরিবর্তন হয়। এটা সাধারণত রোগের কারণে হয়। ত্বকে ফুসকুড়ি বা সংক্রমণমিলিয়া: সাদা পিনের মাথার মতো বিচি থুঁতনি, নাক, কপাল, বগলে দেখা যায়। এগুলো তরল জমা হওয়ার কারণে হয়। সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে চলে যায়। ইরিথেমা টক্সিকাম: লাল লাল গোটার মাঝে সাদা দাগ দেখা যায়। সাধারণত জন্মের ৪৮ ঘণ্টা পর দেখা যায়। ফাঙ্গাস: সাধারণত কুঁচকিতে লাল দাগ দেখা যায়, যেগুলোর পরিষ্কার মার্জিন থাকে। ইকোনাজল বা মাইকোনাজল দিয়ে এর চিকিৎসা সম্ভব। ফোসকা: হার্পিস সংক্রমণে ফোসকা দেখা যেতে পারে। ত্বকে দাগ স্টর্কবাইট: রক্তনালি স্ফীত হওয়ার কারণে চোখের বা কপালের পাশে যে লালচে কালো দাগ দেখা যায়, তা এক বছরের মধ্যে চলে যায়। পের্টিওয়াইন দাগ: কপালের ওপর কালচে দাগ, যা সহজে যায় না। কোনো কোনো সময় এটা স্টার্জ-ওয়েবার নামের জটিল রোগের সঙ্গে সম্পর্কিত থাকে। মঙ্গোলিয়ান দাগ: শিশুর কোমরের কাছে যে কালো দাগ দেখা যায়, তাই মঙ্গোলিয়ান দাগ, যা চার বছরের মধ্যে চলে যায়। স্ট্রবেরি দাগ: এটা মুখের ওপর জামের মতো হয়। সাত বছরের মধ্যে ৭০ শতাংশ ক্ষেত্রেই চলে যায়। ওপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে শিশুর ত্বকের বেশির ভাগ সমস্যাই ভয়ংকর কিছু নয়। ধৈর্য ধরে অপেক্ষা করলে কোনো চিকিৎসা ছাড়াই বেশির ভাগ সমস্যার সমাধান সম্ভব। আর সন্দেহজনক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।