নবজাতকের মৃত্যু কমাতে পারছে না সরকার
পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সফলভাবে এগোচ্ছে। তবে দেশে নবজাতকের (শূন্য থেকে ২৮ দিন বয়সের শিশু) মৃত্যুর হার এখনো উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনার সরকারি উদ্যোগ কাজে আসছে না।সরকারের সর্বশেষ হিসাব বলছে, ১৯৯১ সালে প্রতি হাজার জীবিত জন্মে এমন শিশুর (পাঁচ বছরের কম) মৃত্যুর হার ছিল ১৪৬। বর্তমানে এই হার প্রতি হাজারে ৫৪। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, ২০১৫ সালের মধ্যে এই হার ৪৮-এ নামিয়ে আনতে হবে। দেশে যত শিশু মারা যাচ্ছে, তার বড় একটি অংশ মারা যাচ্ছে বয়স ২৮ দিন হওয়ার আগেই। নবজাতকের এই মৃত্যু মোট শিশুমৃত্যুর ৫৭ শতাংশ। ১৯৯০ সালে এই হার ছিল ৩৯ শতাংশ।স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ এবং অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক বায়েছ ভূঞা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নবজাতকের যত্নের বিষয়গুলো নীতিনির্ধারণী, কৌশলপত্র আর নথিতে লিপিবদ্ধ আছে। তিনি বলেন, দেশে দক্ষ ধাত্রীর সংখ্যা কম। ৮০ শতাংশ নবজাতক অদক্ষ ধাত্রীর হাতে জন্ম নেয়। গ্রামাঞ্চলে রেফারেল সিস্টেম (নির্দিষ্ট সেবার জন্য উচ্চতর হাসপাতালে যাওয়ার পরামর্শ) কাজ করে না। জরুরি মুহূর্তে সেবা না পেয়ে নবজাতক মারা যায়।নবজাতকের মৃত্যু কমাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ৫২টি জেলায় কাজ করছে। ব্র্যাক ১০টি জেলায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও জাতিসংঘ জনসংখ্যা কর্মসূচি (ইউএনএফপিএ) ছয়টি জেলায় কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে বিক্ষিপ্তভাবে কিছু সফলতা আসছে।সরকারের শিশুরোগবিষয়ক সমন্বিত ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস-আইএমসিআই) কর্মসূচির কর্মকর্তারা জানান, নবজাতক যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছায়, তখন হাসপাতালে আনা হয়। আইএমসিআইয়ের কর্মসূচি ব্যবস্থাপক আবু ইলিয়াস প্রধান প্রথম আলোকে বলেন, ‘আমরা সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির কাজ করছি। কিন্তু দারিদ্র্য, কুসংস্কার, বাল্যবিবাহ এসব বিষয় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে।’নবজাতকের মৃত্যুর কারণ: নবজাতকের স্বাস্থ্যবিষয়ক সরকারের কৌশলপত্রে বলা হয়েছে, নবজাতক মৃত্যুর ৩৩ শতাংশের জন্য দায়ী সংক্রমণ। জন্মকালীন শ্বাসরুদ্ধতার কারণে ২১ শতাংশ এবং কম ওজনের জন্য ১১ শতাংশ নবজাতক মারা যায়। অস্বাস্থ্যকর পরিবেশে জন্ম নেওয়া নবজাতক সংক্রমণের শিকার হয়। এ ছাড়া ১২ ঘণ্টার বেশি সময় প্রসববেদনা, জন্মের পর পর শিশুর নাকে-মুখে পানি ঢুকে যাওয়া ইত্যাদি কারণে শ্বাসরুদ্ধতা দেখা দেয়। অন্যদিকে মায়ের অপুষ্টির কারণে কম ওজনের শিশু জন্ম নেয়।প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে শিশু জন্ম নিলে মৃত্যুর আশঙ্কা অনেকটা কমে আসবে। কিন্তু বাংলাদেশে ৮৫ শতাংশ শিশু এখনো বাড়িতে জন্মায়। ইউনিসেফের শিশুস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সুমনা শাফিনাজ প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে শতভাগ শিশুর জন্ম হাসপাতালে হবে, এমনটি সম্ভব নয়। দক্ষ ধাত্রীর ব্যবস্থা করা দরকার। তিনি বলেন, গর্ভাবস্থায় ও প্রসবকালীন মায়ের সেবা এবং নবজাতকের জন্য জন্মের ২৪ ঘণ্টায় একবার, ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আরও একবার এবং চার থেকে ১৪ দিন পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।বেশির ভাগ ক্ষেত্রে প্রসব করানোর সময় অদক্ষ ধাত্রী অস্বাস্থ্যকর পরিবেশে অপরিচ্ছন্ন যন্ত্রপাতি ব্যবহার করেন। এতে নবজাতকের সংক্রমণ হয়। সেভ দ্য চিল্ড্রেন ইউএসএর সেভ নিউ বর্ন কর্মসূচির ব্যবস্থাপক আসিরুদ্দীন বলেন, জন্মের পর পর শিশু না কাঁদলে অর্থাৎ শ্বাসরুদ্ধতার শিকার হলে অদক্ষ ধাত্রীরা শিশুর মাথা নিচের দিকে দিয়ে আঘাত করেন, কখনো ঠান্ডা, কখনো গরম পানিতে গোসল করান। সংক্রমণ ঘটলে হাসপাতালে না নিয়ে ওঝা বা হাতুড়ে ডাক্তার দেখান।সরকারি সূত্র বলছে, ২০০৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএনএফপিএর সহযোগিতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ছয় হাজার পরিবারকল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) ও মহিলা স্বাস্থ্যকর্মীদের জরুরি প্রসূতিসেবা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। ২০১৫ সালের মধ্যে ১৩ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অগ্রগতির বর্তমান ধারায় লক্ষ্য অর্জিত হবে না।সফলতার দাবি ব্র্যাকের: মানসী প্রকল্পের আওতায় ব্র্যাক দেশের ছয়টি মহানগরের বস্তিতে জরুরি প্রসূতি ও নবজাতকের সেবা দিচ্ছে। এনজিওটির স্বাস্থ্য কর্মসূচির উপপরিচালক কাওসার আফসানা দাবি করেন, কর্মএলাকায় শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ১৩-এ নামিয়ে আনতে তাঁরা সক্ষম হয়েছেন।ঢাকার বেগুনবাড়ী এলাকায় ব্র্যাকের একটি সেবাকেন্দ্রে গিয়ে দুজন প্রশিক্ষিত ধাই ও একজন মিডওয়াইফয়ের সঙ্গে কথা হয়। এই ধাইরা জানান, নবজাতকের বিপদচিহ্নগুলো সম্পর্কে কিছু নির্দেশনা পেয়েছেন। শ্বসরুদ্ধতা হলে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করার প্রশিক্ষণ পেয়েছেন। এ ছাড়া জন্মের পর নবজাতককে মুছে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া এবং শালদুধ খাওয়ানোয় মাকে সাহায্য করার কাজও তাঁরা করছেন।রাশিদা বেগম নামের একজন ধাত্রী বলেন, নবজাতকের জ্বর অথবা শরীর ঠান্ডা হয়ে গেলে, দুধ খেতে না পারলে, অনবরত বমি হলে, গায়ে ফুসকুড়ি দেখা দিলে, খিঁচুনি হলে, বুকের খাঁচা দেবে গেলে, নিস্তেজ হয়ে পড়লে তাঁরা সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ব্র্যাক চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন এনজিও পরিচালিত হাসপাতালের সঙ্গে এবং জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য আদ-দ্বীন হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে।