নবজাতকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ভাঙচুর
ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে আজ রোববার সকালে এক নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও চিকিত্সকদের মারধর করেছে শিশুর আত্মীয়স্বজনেরা।হাসপাতাল সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলা সদরের বাঁশপাড়া গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী গত শনিবার ভোরে নিজ বাড়িতে একটি সাত মাসের ছেলেসন্তান প্রসব করেন। জন্মের পরই শিশুটি নিউমোনিয়ায় অসুস্থ হয়ে পড়লে শনিবার সকাল ১০টায় শিশুটিকে উপজেলা সদরের বেসরকারি আল ইনসানিয়াত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে প্রয়োজনীয় চিকিত্সাসেবা দেয়। পরে শিশুটিকে ফেনী অথবা অন্যত্র স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলেও তাঁরা শিশুটিকে অন্য কোথাও না নিয়ে সেখানেই রেখে দেন। আজ রোববার সকাল ১০টায় শিশুটি মারা যায়। এ খবর শুনে বেলা ১১টায় শিশুর কিছু আত্মীয়স্বজন হাসপাতালে ঢুকে হামলা, ভাঙচুর, লুটপাট ও হাসপাতালের চিকিত্সক-কর্মচারীদের মারধর করেন।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. এরশাদ উল্লাহ মজুমদার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, ওই রোগীর স্বজনেরা হাসপাতালের দুই চিকিত্সক, পরিচালক, কর্মচারীসহ পাঁচজনকে মারধর করে এবং হাসপাতালের ক্যাশ থেকে ২৮ হাজার টাকা লুট করে। এ ছাড়া বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট করে। শিশুর চাচা দিদারুল ইসলাম অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিত্সকের অবহেলায় শিশুটি মারা গেছে। শিশুটিকে উন্নত চিকিত্সার জন্য নিয়ে যেতে চাওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিতে দেয়নি। তবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগের কথা অস্বীকার করেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।