নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানোর মধ্যে দিয়ে গতকাল শনিবার থেকে শুরু হলো তিন দিনের স্বাধীনতা উৎসব। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের শহীদ প্রকৌশলী নুরুল হকের স্ত্রী নাসরিন বানু ও তাঁর পরিবারের সদস্যরা।এবারের উৎসবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং সাম্প্রদায়িকতামুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়ে দীপ্ত করে তোলার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। কর্মসূচির আয়োজন করা হয়েছে এই বিষয়কে প্রধান্য দিয়ে। উৎসবের স্লোগানটিও নতুন প্রজন্মের জন্য: ‘নব প্রজন্ম জাগিছে এবার অগ্নিমশাল হাতে’। উদ্বোধনের পর নাসরিন বানু তাঁর লিখিত বক্তব্যে নতুন প্রজন্মকে বলেছেন, ‘বহু মানুষ এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। এত মানুষ যে দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই দেশটিকে তোমরা ভালোবেসো। সেই ভালোবাসাই দেশকে এগিয়ে নিতে তোমাদের পথ দেখাবে।’সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। এরপর মুক্তিযুদ্ধসহ দেশের জন্য প্রাণ উৎসর্গ করা সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রনতা শিল্পীগোষ্ঠীর শিশু-কিশোরদের গাওয়া ‘আমরা যারা জন্মেছিলাম একাত্তরের পরে’ গানের সঙ্গে বেলুনগুচ্ছ উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, লায়লা হাসান, ফকির আলমগীর, ঝুনা চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জোটের সম্পাদক হাসান আরিফ, সভাপতিত্ব করেন সহসভাপতি গোলাম কুদ্দুছ।দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে খেলাঘরের শিশু শিল্পীদের সমবেত নৃত্য দিয়ে। মিতা হক গেয়ে শোনান ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ পরিবেশন করেন ‘মুজিব বাইয়া যাও রে’। বিশ্বজিৎ রায় পরিবেশন করেন, ‘যেখানে মাটির দাওয়া পিদিম জ্বেলে’। ঋষিজের শিল্পীরা পরিবেশন করেন, ‘যে ইতিহাস রচি আমি রক্তে কেনা বাংলা মা’র/ হত্যা-খুনে করল বিরান আলবদর আর রাজাকার’। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিবু রায়, মনোরঞ্জন ঘোষাল, সমর বড়ুয়া প্রমুখ। দলীয় সংগীত ও আবৃত্তিতে ছিল উদীচী, আওয়ামী শিল্পীগোষ্ঠী, মুক্তধারা, বৈকুণ্ঠ। শেষে থিয়েটার আর্ট পরিবেশন করে পথনাটক খ্যাপা পাগলার প্যাঁচাল। শহীদ মিনারের পাশাপাশি ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চেও একই সঙ্গে জোটের স্বাধীনতা উৎসবের অনুষ্ঠান হয়েছে। নারী তুমি জয়িতা মুক্তি ও সৃজনেমহান স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে নাট্যসংগঠন মঞ্চকথা আয়োজন করেছে একক অভিনয় নাট্যোৎসবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘নারী তুমি জয়িতা মুক্তি ও সৃজনে’ শীর্ষক তিন দিনের এই উৎসব।প্রথম দিনে ছিল ফেরদৌসী মজুমদারের একক অভিনয়ের নাটক কোকিলারা। থিয়েটার (বেইলি রোড) প্রযোজিত এই নাটকের রচনা ও নির্দেশনা আবদুল্লাহ-আল-মামুনের; নবরূপায়ণে সুদীপ চক্রবর্তী। আজ রোববার হবে নাগরিক নাট্যাঙ্গন প্রযোজিত আমি বীরাঙ্গনা বলছি। মূল রচনা ড. নীলিমা ইব্রাহিম। অভিনয়, নাট্যরূপ ও নির্দেশনায় লাকী ইনাম। শেষ দিন মঞ্চস্থ হবে লাল জমিন। শূন্যন প্রযোজিত, মান্নান হীরা রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত এই নাটকে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।গীতসুধার রবীন্দ্রনাথ স্মরণছায়ানটের মঞ্চ থেকে ভেসে আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। শিল্পীদের সঙ্গে দর্শক ও সুধীজনেরাও কণ্ঠ মেলালেন গানের সুরে। কবির সার্ধশততম জন্মবার্ষিকী ও গীতাঞ্জলির শতবর্ষ পূর্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় গীতসুধা আয়োজন করেছিল রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান।‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’—সমবেত কণ্ঠে এই গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান।এরপর সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন ‘বিশ্ব সাথে যোগে যেথায় বিহার’, ‘ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’ গানগুলো।এ ছাড়া একক পরিবেশনার মধ্যে ছিল, ‘আমার মিলন লাগি তুমি’, ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’ , ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’সহ আরও বেশ কয়েকটি গান।সংগীত পরিবেশন করেন শিল্পী জলি রহমান, রেজওয়ানা হক, ফারহানা হক, সালমা এ শফি, নকুল চন্দ্র দাস, সায়মা সাইফ, তাহমিদা খাতুন, আনিসা ফজলে, নাদিমা শারফীন, রোকসানা কবির, মৌসুমি মল্লিক, রাখা জাবীন প্রমুখ। সংগীত পরিচালনা করেন শিল্পী পাপিয়া সারোয়ার।