নববর্ষ উৎসব
১৭৯৩ সালে ইংরেজ শাসকেরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে জমিদারি-প্রথা প্রবর্তন করেন। এর ফলে আমাদের কৃষি-অর্থনীতি, গ্রামীণ জীবন এবং উৎপাদনব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আসে। এই পরিবর্তনের ফলে গ্রামীণ মানুষের জীবনে বাংলা সন বিশেষ গুরুত্ব লাভ করে। কারণ গ্রামীণ কৃষিজীবীদের সুবিধার্থে জমিদারেরা বাংলা সন অনুযায়ী খাজনা আদায়ের ব্যবস্থা গ্রহণ করে। খাজনার দাখিলাপত্র বাংলা সন অনুযায়ী এবং বাংলা ভাষায় মুদ্রিত হয়। বাংলা সন ফসলি সনও বটে। গ্রামীণ ভূমিব্যবস্থায় কৃষিজীবী মানুষের পূজা-পার্বণ, উৎসব-অনুষ্ঠান, বিবাহ-অন্ত্যেষ্টিক্রিয়াসহ সকল কৃত্যই বাংলা সন অনুযায়ী করা হয়। তবে এখনকার মতো ঘটা করে নববর্ষ উদ্যাপনের চল ছিল না। তখন বিশেষ গুরুত্ব দিয়ে উদ্যাপন করা হতো চৈত্রসংক্রান্তি। এই দিনে গ্রামবাংলায় অসংখ্য মেলা বসত। মেলায় নানা রকম আড়ম্বরপূর্ণ বিনোদনেরও সুযোগ ছিল। নাগরদোলা, পুতুলনাচ, যাত্রাপালা, জারিসারি গান, সার্কাসসহ নানা উপকরণে অনন্য ছিল গ্রামীণ জীবনের সেসব দিন। চৈত্রসংক্রান্তিতে চড়কের উৎসব হতো। তাতে অনেকেই মাসাধিক কাল অনুশীলন করে পিঠে বড়শি বিঁধিয়ে একটি লম্বা কাঠের দণ্ডের মধ্যে শক্ত রশিতে আবদ্ধ অবস্থায় ঝুলতেন। মনে করা হতো এতে সারা বছর যে পাপ করা হয়েছে এবং প্রকৃতি ও মানব জীবনের ওপর অত্যাচার করা হয়েছে তার প্রায়শ্চিত্ত করা হবে।নববর্ষের দিনে হালখাতা ছিল প্রধান অনুষ্ঠান। তখন মানুষের হাতে নগদ পয়সা ছিল না। তাই সারা বছর দোকান থেকে তাদের বাকিতে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র কিনতে হতো। নববর্ষের দিনে হালখাতা অনুষ্ঠানে দোকানে উপস্থিত হয়ে সারা বছরের বাকিতে কেনা জিনিসপত্রের দাম পুরোটা বা আংশিকভাবে শোধ করা হতো। দোকানি তাঁর দোকান নানা রঙের কাগজ কেটে সুন্দর করে সাজাতেন, ধূপ-ধুনো জ্বালানো হতো, মিষ্টিমুখেরও আয়োজন করা হতো। জমিদারেরা করতেন পুণ্যাহ উৎসব। প্রজারা জমিদারবাড়িতে এদিন আমন্ত্রিত হতেন। তাদের জন্য পানসুপারি এবং মিষ্টিমুখেরও ব্যবস্থা করা হতো। অন্যদিকে কৃষিজীবী সমাজে পারিবারিক পর্যায়ে ‘আমানী’ নামে একটি মাঙ্গলিক উৎসব প্রচলিত ছিল। চৈত্রসংক্রান্তির দিবাগত রাতে একটি নতুন ঘটে পানি ঢেলে তাতে আতপ চাল ভিজিয়ে রাখা হতো এবং একটি কচি পাতাওয়ালা চাড়া আমগাছের চিকন ডাল ভিজিয়ে রাখা হতো। সকালে বাড়ির সবাইকে সেই ভেজানো চাল খেতে দেওয়া হতো এবং আমের ডালের পাতা পানিতে ভিজিয়ে বাড়ির সবার শরীরে এবং ঘরের চারদিকে ছিটিয়ে দেওয়া হতো। লোকবিশ্বাস ছিল, এতে সারা বছর বাড়ির সবার মঙ্গল হবে। এ ছাড়া নানা রকম খেলাধুলারও আয়োজন ছিল। নেত্রকোনা অঞ্চলের ষাঁড়ের লড়াই, ব্রাহ্মণবাড়িয়ায় মোরগের লড়াই, মানিকগঞ্জে হা-ডু-ডু খেলা, মুন্সিগঞ্জে গরুর দৌড়, নড়াইলে লাঠিখেলাসহ বাংলাদেশের নানা অঞ্চলে নানা রকম খেলাধুলার আয়োজনও করা হতো। মধ্যযুগে মোগল সম্রাটেরা ইরানের নওরোজের অনুসরণে দিল্লি-আগ্রা প্রভৃতি অঞ্চলে নববর্ষ পালন করতেন। মহিলাদের জন্য মীনাবাজারের ব্যবস্থাও ছিল। কিন্তু গ্রামীণ জনপদে এসব উৎসবের তেমন কোনো প্রভাব ছিল না। তবে বৈশাখী উৎসব এবং মেলা দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশেই উদ্যাপন করার খবর জানা যায়।এখন যে নববর্ষ উৎসব বিপুল আয়োজনে অনুষ্ঠিত হয়, তার সূত্রপাত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কলকাতায় রবীন্দ্রনাথের পরিবারে। ঠাকুরবাড়িতে ইংরেজরা যেমন নববর্ষ উদ্যাপন করে সেই আঙ্গিকেই বাংলা নববর্ষ উদ্যাপনের সূত্রপাত। অতএব আধুনিক বাংলা নববর্ষ উৎসব ফলত উন্নত বিশ্বের বিভিন্ন দেশের নববর্ষ উৎসবের প্রেরণাজাত। প্রথমে ঠাকুরবাড়ির নববর্ষ উৎসবের অনুকরণে শহর কলকাতায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে এ উৎসব উদ্যাপনের খবর পাওয়া যায়। পূর্ববাংলায় আধুনিক নববর্ষ উৎসবের প্রথম পর্যায়ের সংবাদাদি খুব একটা পাওয়া যায় না। পাকিস্তান আমলে পূর্ববাংলায় যে আধা-ঔপনিবেশিক শাসনব্যবস্থা চালু হয় তাতে বাঙালির এসব স্বকীয় উৎসব পালনে বাধার সৃষ্টি করা হয়। এই ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালি তার নিজস্ব সংস্কৃতির মাধ্যমেই জাতিসত্তা বিকাশ এবং জাতীয়তাবাদী আন্দোলন সৃষ্টিতে ব্রতী হয়। এ বিষয়ে ১৯৫৪ সালের কিছু তথ্য পাই, সরলানন্দ সেনের ঢাকার চিঠি বইয়ে। ১১ এপ্রিল ডেটলাইনে ঢাকা থেকে পাঠানো কলকাতা যুগান্তর দৈনিকে বলা হয়, ‘পহেলা বৈশাখ হিন্দু-মুসলমান প্রত্যেক বাঙালির প্রিয় নববর্ষ দিবস। যেদিন থেকে বাঙালি সংস্কৃতি সেবায় হিন্দু-মুসলমান দুই ভাই একে অপরের হাত ধরে আত্মনিয়োগ করেছে সেদিন থেকে বাঙালির পহেলা বৈশাখ বাঙালির প্রিয় উৎসব দিবস।’ পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিম লীগের দুঃশাসন বাঙালিয়ানার শ্বাসরোধ করে রেখেছিল। ওই চিঠিতেই পাকিস্তান সাহিত্য সংসদের সভাপতি ড. কাজী মোতাহার হোসেনের এক বিবৃতির তথ্য পাওয়া যায়। বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ শুরু হবে। এই নববর্ষ দিবস সমস্ত বাঙালিরই এক বিশেষ উৎসবের দিন। পূর্ববাংলার সর্বত্র জনসাধারণ আনন্দ ও উৎসবের মধ্যে এই দিবসটি পালন করবে। সুখ ও সমৃদ্ধিপূর্ণ নতুন বছরের সংকল্প ও পরিকল্পনা গ্রহণ করবে।’১৯৫৪ সালে ঢাকা শহরে নববর্ষ উদ্যাপনের তথ্য পাচ্ছি। এতে বলা হয়েছে, ‘ঢাকা-১৮ই এপ্রিল : এ বছর ঢাকা শহরে নববর্ষ দিবস উপলক্ষে হিন্দু-মুসলমান নির্বিশেষ প্রতিটি নরনারীর মনে যে উদ্দীপনা দেখা যায় বঙ্গবিভাগের পর কখনো এমনটি আর দেখা যায়নি।’ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের শাসনামলে শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলা নববর্ষকে স্বীকৃতি দান করেন। এর পরও বাংলা নববর্ষ উদ্যাপন বাধাহীন হয়নি। পাকিস্তান সরকার সামরিক শাসন জারি করে ১৯৫৮ সাল থেকে বাঙালির জাতিগত সব অনুষ্ঠান আয়োজনের ওপরই নানা রকম বিধিনিষেধ আরোপ করে রাখে। নববর্ষে সরকারি ছুটিও আর দেওয়া হয়নি। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকীতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তবুও পূর্ব বাংলার বাঙালি বিচারপতি মাহবুব মোরশেদ এবং অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে যথাক্রমে সভাপতি এবং সম্পাদক করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়ভাবে বড় আকারে নববর্ষ উৎসব পালন করে। ঢাকা প্রেসক্লাবসহ নানা প্রতিষ্ঠান রবীন্দ্র শতবার্ষিকী উদ্যাপন করে। এই বছরেই প্রতিষ্ঠিত হয় এ কালের বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’। ১৯৮৯ সাল থেকে এ উৎসবে আর একটি নতুন মাত্রা যোগ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এই উৎসব উপলক্ষে যে আনন্দ শোভাযাত্রা বের করে তা একই সঙ্গে বিশাল আনন্দেরই উৎসধারা শুধু নয়, সেই সঙ্গে এর মধ্য দিয়ে সরকারের নানা কাজের সমালোচনারও প্রকাশ ঘটে এতে ব্যবহূত মুখোশ, প্রতীকী চিত্র এবং কার্টুনের মাধ্যমে। বাংলা নববর্ষ উৎসব বাংলাদেশের বাঙালির এক বিশাল ঐতিহাসিক অর্জন। সামান্য কয়েক বছরের মধ্যে এ ধরনের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উৎসব সৃষ্টির কৃতিত্ব যেমন ছায়ানটের, তেমনি বাঙালি শিল্পী-সংস্কৃতি কর্মী-সংগীতশিল্পী-চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রী এবং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব বাঙালির। এ উৎসব বাঙালির জাতিচেতনাকে সংস্কৃতির পাটাতনের ওপর প্রতিষ্ঠিত করে নবতর মানবিক ও শৈল্পিক চেতনায় উদ্বুদ্ধ করবে, এটাই আশা করা যায়।