নববর্ষে আলপনায় রঙিন রাজপথ
আজ যাঁরা যাবেন মানিক মিয়া অ্যাভিনিউতে, মুগ্ধ বিস্ময় জাগবে তাঁদের মনে। ঢাকা শহরের অন্যতম প্রশস্ত দীর্ঘ এই রাজপথের রূপ তাঁরা দেখবেন বদলে গেছে। সারা রাত ধরে গতকাল দেশের অগ্রগণ্য এবং তরুণ প্রজন্মের শ তিনেক শিল্পী আর আঁকাজোঁকায় উৎসাহীরা দৃষ্টিনন্দন আলপনায় রাঙিয়ে দিয়েছেন এই রাজপথ।জাতীয় সংসদের দক্ষিণ দিকের প্রবেশমুখের সামনেই পথে বিশাল অক্ষরে লেখা ‘আলপনায় বৈশাখ’। এই নামেই সম্পন্ন হয়েছে বিশাল অঙ্কন কর্মযজ্ঞ। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর উদ্যোগে বাংলা নতুন বর্ষকে স্বাগত জানিয়ে বছরের শেষ রাতে এই আলপনা আঁকা হয়েছে। নববর্ষকে স্বাগত জানিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আলপনা আঁকার এই উদ্যোগ শুরু হয়েছিল গত বছর। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হলো সড়কটির মাঝের বিভক্তি রেখার উভয় পাশে প্রায় তিন লাখ বর্গফুটজুড়ে আলপনা আঁকার উৎসব। আয়োজনে সহায়তা দিয়েছে বার্জার পেইন্টস, এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশন। আঁকায় সহযোগিতা করেছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।জাতীয় সংসদের দক্ষিণ দিকের সড়কের পাশে বিশাল আকারের ডিজিটাল পর্দার সামনে ছোট্ট একটি মঞ্চ। সেখানেই সন্ধ্যা সাতটায় হলো পিচঢালা কালো রাজপথটিকে রাঙিয়ে তোলার কর্মযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সবাইকে এই কর্মযজ্ঞে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এই চমৎকার আবহাওয়ায় এই কালো পথটিকে রাঙিয়ে তোলা হবে। আগামীকাল নতুন আলোয় পৃথিবী দেখবে সেই দৃশ্য। নতুন দিন আমাদের জন্য বয়ে আনবে নতুন বার্তা।’শুরুতেই দেখানো হলো গত বছরের আয়োজনের একটি প্রামাণ্যচিত্র। সেবার এই আয়োজনের শিরোনাম ছিল ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’। তাতে দেখা গেল, রাতজুড়ে শত শত শিল্পী আর উৎসাহী তরুণ প্রজন্ম এতে হাত লাগাচ্ছেন আলপনা আঁকায়। গিটার বাজিয়ে চলছে মনমাতানো গানের আসর। কাজের ফাঁকে ফাঁকে চলছে তুখোড় আড্ডা। বাবা-মায়েরা ছোট ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে এসেছেন বাঙালি সংস্কৃতির এই অন্যতম অনুষঙ্গের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। রীতিমতো আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। রাতের শেষে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হয়েছে সড়কের এমাথা-ওমাথাজুড়ে দৃষ্টিনন্দন রঙিন আলপনা।আলপনা আঁকার উদ্বোধন ঘোষণা করে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বাঙালির দীর্ঘকালের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আর্যদের ভারতবর্ষে আসার আগে থেকেই এখানে একটি উন্নত জাতির বসবাস ছিল। আমরা সেই তাদেরই উত্তরাধিকারী। দীর্ঘ কালপরিক্রমায় অনেক সময় তাদের ওপর আঘাত এসেছে কিন্তু তাদের সাংস্কৃতিক চেতনা লুপ্ত হয়নি; বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। এখন আমরা বাঙালি জাতীয়তাবাদী চেতনার নবজাগরণের যুগে রয়েছি। যতই আঘাত আসুক, পথ চলতে আমরা পড়ে যেতে পারি কিন্তু মাথা তুলে দাঁড়াতেই হবে। যতবার পড়ব ততবার উঠে দাঁড়াব। সকল প্রতিবন্ধকতা আমরা জয় করব। আমাদের জয় করতেই হবে।’সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, ‘পয়লা বৈশাখের উৎসব বাড়ির গণ্ডি ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক চেতনার উৎসবে। সম্প্রতি নানা দ্বন্দ্ব-সংঘাতে আমাদের উজ্জ্বল অর্জনগুলো বিঘ্নিত হচ্ছে। আমরা ধ্বংস চাই না। আমরা গড়তে চাই। কামনা করি, নতুন বছর আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।’এয়ারটেলের বিপণনপ্রধান মীর নবত আলী বলেন, ‘প্রতিবছরই নববর্ষের উৎসবের বিস্তৃতি ঘটছে। নতুন নতুন অনুষঙ্গ যুক্ত হচ্ছে। সেই নতুন সংযোজনের ভাবনা থেকেই ঐতিহ্যবাহী আলপনাকে নগরজীবনের বৃহৎ পরিসরে তুলে আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সব ভেদাভেদ ভুলে ১৪২০ সনে বাংলাদেশকে নতুন করে পাওয়ার কামনা করেন।শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদের সামনে নতুন বছরের প্রাক্কালে আলপনা আঁকা হচ্ছে। আমরা কামনা করব, আগামী দিনগুলো জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সংসদেই আলোচনার ভিত্তিতে সব সংকটের অবসান হবে।’ শিল্পী রফিকুন নবী বলেন, ‘এই পথ যেমন রঙিন হয়ে উঠবে, আগামীতে আমাদের জীবনও যেন তেমন রঙিন হয়ে ওঠে।’ আলোচনা করেন শিল্পী মনিরুজ্জামান। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্বাগত বক্তব্যে বলেন, সব সমস্যা অতিক্রম করে নতুন বছরে বাংলাদেশ দৃপ্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাবে।দীর্ঘ এই আলপনা আঁকায় শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী ও মনিরুজ্জামান নেতৃত্ব দেন। সড়কের একেকটি অংশ ভাগ করে মোট ১৬টি দলে আঁকার কাজ চলেছে। প্রতিটি দলে ছিলেন অঙ্কনে সিদ্ধহস্ত ২০ জন তরুণ শিল্পী। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলার শিক্ষার্থী। রাজপথে রংতুলি নিয়ে মেতে ওঠেন নবীন প্রজন্মের উদ্যমী আঁকিয়েরা। পরে তাঁদের সঙ্গে হাত লাগিয়েছেন উৎসাহী দর্শকেরাও। তাঁদের একজন এলিফ্যান্ট রোডের আবু হাসান। পত্রিকায় আলপনা আঁকার সংবাদ পড়ে তিনি এসেছিলেন সস্ত্রীক এই অনন্য কর্মযজ্ঞে শামিল হতে। নকশায় রঙের প্রলেপ দিতে দিতে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, এই অনুষ্ঠানে এসে এবারের নববর্ষের অনুষ্ঠানটাই অন্য রকম আনন্দময় হয়ে উঠেছে। রাতে প্রচুর উৎসাহী দর্শক আসেন আলপনা আঁকা দেখতে। উৎসবমুখর হয়ে ওঠে পরিবেশ।