নববর্ষে চাঁদাবাজি, ছাত্রলীগ থেকে বহিষ্কার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ সামনে রেখে চাঁদাবাজি ও সাংবাদিকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের ঘটনায় ছাত্রলীগ থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এসএম হলের সভাপতি মেহেদী হাসান ও সংগঠনের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ খবর জানান। আজ সোমবার বিকেল চারটার দিকে ১১ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপস, আসিফ (গণযোগাযোগ ও সাংবাদিকতা), শামীম (ইংরেজি), শাহীন (অর্থনীতি), ঐতিহ্য (ইতিহাস), তানভির (ফিন্যান্স), শাহাদত (আইন), তৃতীয় বর্ষের শিক্ষার্থী পিকুল, চতুর্থ বর্ষের নাহিদ, হাসান ও স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ওবাইদুর। পয়লা বৈশাখের নামে গত শনিবার রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করেছেন ছাত্রলীগের কিছু কর্মী। এই চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের পাঁচ সংবাদকর্মী ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের ২১ নেতা-কর্মীকে চিহ্নিত করেছে। তবে ছাত্রলীগের কর্মীরা দাবি করেছেন, তাঁরা ছিনতাই করছিলেন না, গাড়ি থামিয়ে নববর্ষ উপলক্ষে কিছু ‘বকশিশ’ তুলছিলেন।ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত সাংবাদিকেরা হলেন: ‘প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ জায়িফ, ‘ডেইলি স্টার’-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তী, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মণ্ডল ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার। এ ছাড়া, ছাত্রলীগের কর্মীদের নিবৃত্ত করতে গেলে ‘প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসানের ওপরও তাঁরা হামলা চালান।