নববর্ষে তিন মিনিট ‘সম্প্রীতি বন্ধনের’ ডাক গণজাগরণের
কাল নববর্ষে সারা দেশে তিন মিনিট ‘সম্প্রীতি বন্ধন’-এর ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। কাল রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে পাঁচটা ৩৩ মিনিট পর্যন্ত (তিন মিনিট) সম্প্রীতি বন্ধন পালন করবে গণজাগরণ মঞ্চ। এ সময় যে যেখানে থাকবে, পাশের মানুষের হাত ধরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মঞ্চ। এ ছাড়া, সন্ধ্যা সাড়ে সাতটায় সব অপশক্তির বিরুদ্ধে সারা দেশে জ্বালানো হবে মঙ্গলপ্রদীপ। গণজাগরণ মঞ্চ এই কর্মসূচির নাম দিয়েছে ‘আলোকের এই ঝরনাধারায়’। তবে মঙ্গলপ্রদীপ না থাকলে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া যাবে। আজ শনিবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে সাংবাদিকদের কাছে এসব কর্মসূচির কথা জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, শিশু-কিশোর, নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা—সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সম্প্রীতির বন্ধনে ও আলোকের ঝরনাধারায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। নববর্ষে কাল সকাল ছয়টার দিকে গণজাগরণ মঞ্চ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উত্সবে যোগ দেবে। সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে তারা। বিকেল চারটার দিকে শুরু হবে মঞ্চের মূল অনুষ্ঠান। ফটিকছড়িতে তাণ্ডবের ঘটনায় নিহত তিনজনকে ‘শহীদ’ হিসেবে চিহ্নিত করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘শহীদদের কসম খেয়ে বলছি, এ আন্দোলন আরও বেগবান হবে। আরও তীব্রভাবে আন্দোলন সবখানে ছড়িয়ে দেওয়া হবে।’ শোককে শক্তিকে পরিণত করে গণজাগরণ মঞ্চ যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের প্রতিরোধ করবে বলে জানান ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, ফটিকছড়ির ঘটনায় আবার প্রমাণিত হয়েছে জামায়াত-শিবির চক্র কতটা ভয়ংকর। তারা মসজিদ ও মসজিদের মাইক ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা হরতালবিরোধী মিছিলে হামলা চালিয়েছে। ইমরান এইচ সরকার বলেন, একাত্তরের মতোই তারা এ বর্বরতায় নেতৃত্ব দিয়েছে। গণজাগরণ মঞ্চ থেকে দীর্ঘদিন ধরে জামায়াত-শিবির নিষিদ্ধ করার যে দাবি তোলা হচ্ছিল, তার যৌক্তিকতা আবার প্রমাণিত হলো।