নববর্ষে দুই বাংলার মানুষের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁটাতারের বেড়ার এপারে কয়েক হাজার বাংলাদেশি। ওপারে কয়েক হাজার ভারতীয় বাঙালি। তারা পরস্পরের সঙ্গে কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন। কেউ কেউ কাঁটাতারের ওপর দিয়ে বিস্কুট, চানাচুর অথবা সিগারেটের প্যাকেট ছুড়ে দিচ্ছেন একে অপরকে। এ সময় স্বজন ও পরিচিতদের দেখে অনেকে আবেগে কেঁদে ফেলেন। এ কান্না বিরহের নয়, মধুর মিলনের। আজ রোববার বাংলা নতুন বছরের প্রথম দিনে পঞ্চগড়ের অমরখানা সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলারের মাঝে এভাবেই হয় দুই বাংলার মানুষের অনানুষ্ঠানিক মিলনমেলা। বেলা সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই মিলনমেলা।সীমান্তবর্তী এলাকার মানুষেরা জানান, উভয় দেশের সাধারণ লোকজন যাঁরা অর্থের অভাবে পাসপোর্ট ও ভিসা করতে পারেন না, তাঁরা এই দিনটির অপেক্ষায় থাকেন। এদিন ভোর থেকে দুই দেশের বিভিন্ন প্রান্তের লোকজন কাঁটাতারের উভয় পাশে এসে জড়ো হন। স্বজনদের মিলনে আর দুই দেশের অগণিত মানুষের উপস্থিতিতে এখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। যেন এ দিনের অপেক্ষায় সবাই উন্মুখ ছিলেন। এখানে এসে কেউ মায়ের সঙ্গে, কেউবা ভাই-বোনের সঙ্গে অথবা কেউ আত্মীয়ের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান।১৯৪৭ সালে দেশভাগের পর এদেশের অনেকের আত্মীয়-স্বজনেরা ভারতীয় অংশে পড়েন। এতে আত্মীয়স্বজনদের সঙ্গে অনেকেরই যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে প্রতিবছর বাংলা নববর্ষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অলিখিত সম্মতিতে সীমান্তবর্তী এলাকায় এসে দেখা করার সুযোগ পান। ভারতের শিলিগুড়িতে থাকা আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসা পঞ্চগড়ের আইয়ুব আলী জানান, ‘প্রতিবছর নববর্ষে ওপার বাংলায় থাকা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাত্ করি, তাঁদের খোঁজখবর নিই।’ এ ছাড়া স্বজনদের সঙ্গে দেখা করতে আসা জহিরুল ইসলাম বলেন, ‘টাকার অভাবে পাসপোর্ট-ভিসা করতে না পারায়, আমরা এ দিনটির জন্য অপেক্ষা করি।’ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির গোমস্তাপুর থেকে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন ষাটোর্ধ্ব সইমউদ্দিন। অপরদিকে তেঁতুলিয়ার কলিমজোত থেকে আসা ভাই ইছহাক আলী এ বিষয়ে বলেন, ‘৪২ বছর পর দুজনের দেখা হলো।’ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির তানজিনা এসেছেন পঞ্চগড়ের তাসলিমা বেগমের সঙ্গে দেখা করতে। দুজন সম্পর্কে বোন। অনেকদিন পর দেখা হওয়ায় দুজনের চোখে দেখা গেল পানি।তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে বলেন, ১৯৪৭ সালে দেশভাগের কারণে তাঁর মতো অনেকেরই আত্মীয়স্বজন দুই দেশে থেকে গেছেন। নতুন বছরের শুরুতে তাঁরা স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। এ সুযোগ অব্যাহত রাখার জন্য বিএসএফ ও বিজিবির প্রতি আহ্বান জানান তিনি।এ বিষয়ে পঞ্চগড় ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামীম জানান, স্থানীয় মানুষের অনুরোধে এবং বিএসএফের সঙ্গে আলোচনা করে কাঁটাতারের বেড়ার পাশে জিরো লাইনে দুই দেশের স্বজনদের দেখা-সাক্ষাত্ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে।