নববর্ষে দেশ নিরাপত্তার চাদরে ঢাকা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, পয়লা বৈশাখের দিন রাজধানীসহ সারা দেশ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া, দেশের যেসব স্থানে উত্সব হবে, সেসব স্থান ধূমপানমুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পয়লা বৈশাখে সারা দেশের নিরাপত্তাবিষয়ক এক বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শামসুল হক টুকু বলেন, নিরাপত্তা জোরদার করতে ওই দিন হেলিকপ্টার থাকবে। একই সঙ্গে সবাইকে ওই দিন সচেতন থাকতে ও সরকারকে সহযোগিতা করতে অনুরোধ জানান তিনি। এক মাসের মধ্যে আইনশৃঙ্খলা ঠিক হয়ে যাবে—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এক মাস নয়, আমরা চাই এ মুহূর্তে সব ধরনের নাশকতা বন্ধ হোক। এ ছাড়া, যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি চালাচ্ছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’ তিনি বলেন, ‘আমরা আশা করছি, পয়লা বৈশাখে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’ বিএনপির নেতাদের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনীর বলার কিছু নেই।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজির আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।