নববর্ষে হুমায়ূন আহমেদের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষের প্রথম দিন দেখা যাবে হুমায়ূন আহমেদের নাটক, চ্যানেল আইতে। চিকিৎসার জন্য হুমায়ূন আহমেদ এখন আছেন যুক্তরাষ্ট্রে। চিকিৎসা আর বিশ্রামের ফাঁকে দর্শকদের জন্য এবার তিনি নতুন একটি নাটক লিখেছেন। নাম দিয়েছেন রূপকথা। নাটকটি পরিচালনা করছেন জুয়েল রানা। নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, শফিক ছবি এঁকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে। তার বাবা যথেষ্ট ধনী। ছেলের এই শখের ব্যাপারে বাবার যথেষ্ট আপত্তি। একসময় শফিক বাসা থেকে বেরিয়ে গিয়ে পার্কে বসে ছবি আঁকে। রাতে গিয়ে থাকে পাইপের ভেতর। সেখানেই ঘুমায়। নীতু নামের একটি মেয়ের সঙ্গে এই পাইপের ভেতরেই তার বিয়ে হয়। গতকাল রোববার নাটকটির শুটিং হয়েছে উত্তরায়। কাজের ফাঁকে পরিচালক বললেন, ‘স্যার (হুমায়ূন আহমেদ) পুরো নাটকটি একসঙ্গে পাঠাতে পারেননি। চার পাতা, দুই পাতা, ১২টি দৃশ্য—এভাবে ভেঙে ভেঙে পাঠিয়েছেন। তাতে কোনো অসুবিধা হয়নি।’নাটকে শফিক চরিত্রে অভিনয় করেছেন প্রাণ। তিনি বললেন, ‘আমি চারুকলার ছাত্র। অভিনয়ের ব্যস্ততার কারণে অনেক দিন রং-তুলি নিয়ে বসতে পারিনি। এবার স্যারের এই নাটকে কাজ করতে গিয়ে পার্কে বসে পাঁচটি ছবি এঁকেছি। আর পাইপের ভেতরে অভিনয় করে অদ্ভুত অভিজ্ঞতা হলো।’