নববর্ষের দিন রাজধানী ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষের দিন রাজধানীকে ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই দিন যেসব স্থানে নববর্ষের অনুষ্ঠান হবে, সেসব স্থানে ধূমপান না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।নববর্ষের নিরাপত্তা নিয়ে আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। প্রতিমন্ত্রী জানান, ফায়ার সার্ভিসের প্রস্তাব অনুযায়ী নববর্ষের দিন রাজধানীকে ধূমপানমুক্ত রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কাল মঙ্গলবার ও পরশু নববর্ষের দিন এ ব্যাপারে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালানো হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে এবারের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে আতঙ্ক হওয়ার মতো কোনো কিছু নেই। নববর্ষের দিন রাজধানীর বিভিন্ন অনুষ্ঠানস্থলে আগতদের নিরাপত্তায় সিসিটিভি স্থাপন ও আর্চওয়ের মাধ্যমে পৃথক তল্লাশি চালানো হবে।এ ছাড়া অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স রাখা হবে। অনুষ্ঠানে এসে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে একটি বিশেষ টিমও কাজ করবে বলে জানান প্রতিমন্ত্রী।শামসুল হক বলেন, নববর্ষে সর্বস্তরের বাঙালিরা পরিবার-পরিজনদের নিয়ে ঘরের বাইরে আসে। আনন্দ করতে আসা এ জনগণ যাতে নিবিঘ্নে সব অনুষ্ঠানে অংশ নিতে পারে, এ জন্যই বাড়তি সতর্কতা নেওয়া হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে দেশে জাতির পিতাকে হত্যা করা হয়েছে, সেখানে সাধারণ জনগণের জন্য নিরাপত্তাটা একটু বেশিই নিতে হবে। বঙ্গবন্ধুর পলাতক খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার যারা চায় না, তাদের জন্যই বিশেষ এই নিরাপত্তা। শেষ চৈত্র থেকেই রাজধানীসহ সারা দেশের অনুষ্ঠানস্থলে নিরাপত্তা বৃদ্ধির কথাও জানান প্রতিমন্ত্রী।বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।