নবম দিনে জবানবন্দি শেষ করলেন সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাবি, রাজনৈতিক অঙ্গনের হোমরাচোমরাদের সঙ্গে তাঁর সখ্যের অভাবে তিনি ‘রাজনৈতিক নির্যাতনের’ শিকার।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরী গতকাল মঙ্গলবার জবানবন্দির নবম দিনে এ দাবি করেন। আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে তিনি গত ১৭ জুন জবানবন্দি শুরু করে গতকাল শেষ করেন। জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষ তাঁকে জেরা শুরু করেছে।গতকাল জবানবন্দিতে সাকা চৌধুরী দাবি করেন, একাত্তরের ১৩ এপ্রিল নূতন চন্দ্র সিংহের হত্যাকাণ্ডের দিনে তিনি বাংলাদেশ থেকে এক হাজার ২০০ মাইল দূরে ছিলেন। তিনি ‘রাজনৈতিক নির্যাতনের’ শিকার, কারণ রাজনৈতিক অঙ্গনের হোমরাচোমরাদের (সেকরেড কাউ) সঙ্গে তাঁর সখ্যের অভাব আছে। তাঁর বিরুদ্ধে যে নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেই নূতন চন্দ্রের নাম ১৯৭০ সালের ভোটার তালিকা, ভূমি রেকর্ড, ডিএনএ টেস্ট অথবা সমাধি বা স্মৃতিসৌধে নেই। উনসত্তরপাড়ার ঘটনা নিয়ে ১৯৭২ সালে ফৌজদারি মামলা হলেও ওই মামলায় তিনি আসামি নন। মধ্য গহিরা, বণিকপাড়া ও সুলতানপুরের ঘটনায় কোনো ফৌজদারি মামলা হয়নি।সাকা চৌধুরী দাবি করেন, তিনি যে ‘রাজনৈতিক নির্যাতনের’ শিকার, তার পৃষ্ঠপোষকতা করছেন কয়েকজন প্রত্যাখ্যাত ও ব্যর্থ কমিউনিজমপ্রেমী, যাঁরা ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে দেশকে মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের—এ দুই শ্রেণীতে ভাগ করতে চাইছেন। তিনি আবারও দাবি করেন, একাত্তরের ২৯ মার্চ থেকে ১৯৭৪ সালের ২০ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন না। হলফনামা ও নথিপত্রের মাধ্যমে তাঁর এ বক্তব্য সমর্থিত।রাষ্ট্রপক্ষ সাকা চৌধুরীর এ বক্তব্যে আপত্তি জানালে আপত্তিসহ তা সংরক্ষণ করা হয়।গতকাল সাকা চৌধুরী জবানবন্দি দেওয়ার সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক দফা বাদানুবাদ হয়। সাকা চৌধুরী গতকালও রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সম্পর্কে বক্তব্য দিতে শুরু করলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, আসামি ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে জবানবন্দি দিচ্ছেন না। এতে সময় নষ্ট হচ্ছে। এ সময় সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ‘উনি (সাকা চৌধুরী) তো অভিযোগের ওপর সাক্ষ্য দিচ্ছেন। আপনারা বারবার বাধা দিয়ে সময় নষ্ট করাচ্ছেন।’পরে সাকা চৌধুরী জবানবন্দিতে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়ে বললে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, ‘আমরা তো আপনার এমপি পদ চ্যালেঞ্জ করছি না। তাহলে আমাদের কেন নির্বাচনের গল্প শোনাচ্ছেন?’ সাকা চৌধুরী বলেন, ‘আমিও আপনার চিফ প্রসিকিউটরের পদ চ্যালেঞ্জ করছি না।’ একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে যে অভিযোগে ফাঁসিকাষ্ঠে দাঁড় করিয়েছেন, তা নিয়ে আমি কিছু বলতে পারব না?’ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, ‘অপরাধ করে থাকলে তো ফাঁসিকাষ্ঠে দাঁড়াতেই হবে।’ সাকা চৌধুরী বলেন, ‘কোনো একসময় যে আপনারা ফাঁসিকাষ্ঠে দাঁড়াবেন না, তার কোনো নিশ্চয়তা নেই।’জবানবন্দি শেষে সাকা চৌধুরীকে জেরা শুরু করেন জেয়াদ-আল-মালুম। তিনি বলেন, ‘আপনার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী।’ সাকা চৌধুরী বলেন, ‘না।’ এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে কিছুক্ষণ বাদানুবাদ হয়। পরে সাকা চৌধুরী বলেন, তাঁকে অপমান করার জন্য এ প্রশ্ন করা হয়েছে।ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের তা মনে হয়নি। অনেক পত্র-পত্রিকায় আপনাকে সাকা চৌধুরী লেখা হয়।’ সাকা চৌধুরী বলেন, ‘যারা আমার সমালোচক তারা লেখে। এ নিয়ে মামলাও হয়েছে।’পরে রাষ্ট্রপক্ষ জেরার জন্য সময় চাইলে এই মামলার কার্যক্রম ৪ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করা হয়।