নবযাত্রা শুরু হলো
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষের নবযাত্রা শুরু হলো। নির্বাচনের আগে দেওয়া আওয়ামী লীগের ওয়াদা পূরণ হয়েছে। এভাবে যুদ্ধাপরাধীদের বিচার চলতে থাকবে। আর কেউ এ পথ বন্ধ করতে পারবে না।’ আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘আজ একটি বিশেষ দিন। নির্বাচনের আগে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের ওয়াদা করেছিলাম। সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা এই বিচারের কাজও শুরু করি। বিচারের প্রথম রায় ঘোষিত হয়েছে। জাতির ললাটে যে কলঙ্ক ছিল, তা মোচন শুরু হয়েছে এই রায় ঘোষণার মধ্য দিয়ে। আমরা ওয়াদা রক্ষা করেছি।’ তিনি বলেন, ‘যারা একাত্তর সালে গ্রাম-গঞ্জ জ্বালিয়ে দিয়েছে, মা-বোনকে ধর্ষণ করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। এই বিচার করে আমরা কালিমা মোচন করতে চাই।’প্রধানমন্ত্রী বলেন, ‘বাহাত্তর সালে জাতির পিতা অধ্যাদেশ জারি করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু দুঃখজনক হলো, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ড ও জাতীয় নেতাদের হত্যার পর এ বিচারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সামরিক অধ্যাদেশ জারি করে বাহাত্তরের অধ্যাদেশ বাতিল করা হয়। এ ছাড়া যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, তাদের নাগরিকত্ব দিয়ে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছিল।’ শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর ’৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। কিন্তু নানা করণে বিচার শুরু করতে পারিনি। সে সময় জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার আমরা করি। এবার ক্ষমতায় এসে আমরা বিচারের রায় কার্যকর করেছি।’শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশাবাদী, ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী পালন হবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে। জাতি হারানো গৌরব ফিরে পাবে। আমরা বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলব। আর যাতে মাথা নিচু করতে না হয়, সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে আবুল হাসনাত আবদুুল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণায় সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান। এরপর বৈঠকে শোক প্রস্তাব উত্থাপন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।