নবান্নের আমন্ত্রণে সবুজ টিয়ার ঝাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের সোনালি আমন ধানে ভরে উঠেছে গ্রামবাংলার মাঠ। কিষান-কিষানির মুখে ফুটেছে অনাবিল হাসি। চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। যেন নবান্নের আমন্ত্রণে বরাবরের মতোই এবারও রাউজানের চিকদাইর গ্রামে এসেছে টিয়া পাখির ঝাঁক।চিকদাইর গ্রামে তিন বছর থেকে ঝাঁকে ঝাঁকে টিয়া আসছে হেমন্তে আমন ধান পাকার কিছু আগে। থাকে ২০ থেকে ২৫ দিন। প্রথম দিকে গ্রামবাসী সহজভাবেই তাদের আগমনকে গ্রহণ করলেও ইদানীং খানিকটা শঙ্কিত তাদের সংখ্যাধিক্যে। তাদের মতে, প্রায় ৫০ হাজার টিয়া এসেছে এবার।গ্রামের বৈদ্যপাড়ার ঘন বনাঞ্চলের বড় বড় গাছে টিয়ারা অবস্থান নিয়েছে। মধ্য দুপুরে গ্রামে ঢুকতেই শোনা গেল তাদের কূজনে মুখর হয়ে আছে পরিবেশ।সাধারণত বড় গাছপালায় টিয়ার বাসা করতে পছন্দ করে। খাদ্য অন্বেষণে বেছে নেয় নিরুপদ্রব অঞ্চল। একবার যেখানে গিয়ে নিরাপদ বোধ করে, সেখানে বারবার যেতে পছন্দ করে। সম্ভবত এ কারণেই চিকদাইর গ্রামেও তারা বারবার ফিরে আসছে।চিকদাইর বৈদ্যপাড়ার দুই পাশেই বড় বড় দুটি বিল। নাম লইগ্যা বিল। পাকা ধানে এখন সোনালি হয়ে উঠছে বিলের আমন খেত। তার ওপর দিয়ে মাঝেমধ্যে উড়ে যাচ্ছে সবুজ টিয়ার ঝাঁক। কৃষকেরা ওদের নিয়ে খানিকটা শঙ্কিত। কারণ, বড় ঝাঁকবেঁধে যদি কোনো খেতে নামে, তাহলে পুরো খেতের ধান সাবাড় করে দিতে বেশি সময় লাগবে না। তবে এখনো তেমন অঘটন ঘটেনি। গ্রামের কৃষক লোকমান ও ফরিদ বললেন, ‘গত বছরের চেয়ে টিয়ার সংখ্যা এবার অনেক বেড়েছে। যে জমিতে বসবে সেটা শেষ করতে এক ঝাঁক টিয়ার বেশি সময় লাগবে না।’ তাঁদের মতে, এবার টিয়ার সংখ্যা ৫০ হাজারের কম নয়। কৃষকদের এই আশঙ্কা অমূলক নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক আ ন ম আমিনুর রহমান জানালেন, ‘টিয়ারা শিষ হয় এমন ফসল যেমন—ধান, গম, যব এসব কেটে নিয়ে খেতে পছন্দ করে। মাঠ থেকে শষ্যদানা খুঁটে খেতে তাদের পছন্দ নয়। টিয়ার সংখ্যা বেশি হলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। প্রাকৃতিক খাবার কমে যাওয়ার কারণেই টিয়ারা ফসলের খেতে আসছে। এদের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার উপায় হলো, খেতে টিনের মধ্যে ইট বা এ ধরনের কিছু বেঁধে শব্দ করার ব্যবস্থা করা। এ ধরনের শব্দ টিয়ার অপছন্দ। ভয় পেয়ে তারা খেত থেকে সরে যাবে।’কৃষকেরা খানিকটা উদ্বিগ্ন হলেও টিয়ার ঝাঁকের পেছনে দিব্যি সময় কেটে যাচ্ছে গ্রামের শিশু-কিশোরদের। বড়দেরও অনেকে মুগ্ধ কলকাকলিতে চারপাশ সচকিত করে শত শত টিয়ার ঝাঁকবেঁধে উড়ে যাওয়া দেখে। আর ছোট্ট সোনামণিদের ভুলিয়ে-ভালিয়ে ভাত খাওয়াতে এখন মায়েরা মুখে মুখে ছড়া কাটছেন, ‘আয় রে আয় টিয়ে, নায়ে ভরা দিয়ে...।’চিকদাইর গ্রামের অতিথি এই টিয়াগুলোর ঠোঁট লাল। গলা ও বুকের অংশ লালচে। গলার নিচে একটা কালো দাগ। লেজসহ পিঠ ও পাখা পুরোটা সবুজ। গাছে বসলে আর তাদের দেখা যায় না। কেবল লাল ঠোঁট ছাড়া। তখন দেখতে ফুলের মতো মনে হয়। গ্রামবাসী জানালেন, টিয়া পাখির পছন্দ মিষ্টি রোদ। তাই সকাল আটটা-নয়টার আগেই তারা দলবেঁধে ফসলের মাঠে ঘুরে বেড়ায়। দুপুরের কড়া রোদে টিয়ারা গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে। বিকেলে রোদের প্রখরতা কমে এলে ছোট-মাঝারি ঝাঁকবেঁধে টিয়ারা আবার মাঠের ওপর উড়ে বেড়ায়। সুযোগ বুঝে নেমে পড়ে ধানের খেতে। বাতাসে নুয়ে পড়া ধানখেত ওদের বেশি পছন্দ।