পুরান ঢাকার নবাব কাটরায় মৃত্যুর স্পর্শলাগা কালো দেয়ালে প্রাণের স্পন্দন-জাগানো সবুজ রঙের প্রলেপ লাগছে। তবে সেই রং শোক-আতঙ্ক ঢেকে রাখতে পারছে না। বিশেষ করে বেলা ডোবার পর শিশু-কিশোর ও নারীরা ভয়ে ঘর থেকে বের হয় না। ‘রাইতে লোডছেডিং হইলে পোলা মাইয়ারা চিৎকার দেয়। সন্ধ্যার পর মহিলারাও ঘর ছাইড়া বাইর হইতে চায় না। হগগলে ভয়ের মইদ্যে রইছে।’ গতকাল বুধবার দুপুরে এমনটিই জানালেন নিমতলীর নবাব কাটরা রোডের ৫৭/২ নম্বর বাড়ির মোহাম্মদ আরশাদ। এরই মধ্যে গত মঙ্গলবার সিএমএইচে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ লিপি আরা বেগম মারা গেছেন। এই মৃত্যু আবার এলাকাবাসীর থিতিয়ে আসা শোককে জাগিয়ে তুলেছে। এ নিয়ে গত ৩ জুনের আগুনে মৃতের সংখ্যা দাঁড়াল ১২২ জনে। গতকাল বাদ জোহর নবাব কাটরা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও শোকগ্রস্ত ব্যক্তিদের মনে শান্তি-শক্তির জন্য দোয়া করে মিলাদ মাহফিল করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। অভিভাবকহীন শিশুরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৩/১ নম্বর বাড়ির মনির হোসেন জানান, সন্ধ্যার পর এলাকায় লোকজনের চলাচল কমে যায়। রাত আটটার পর থেকে সড়কটি জনহীন হয়ে পড়ে। নবাব কাটরা রোডে তাই এখনো পুলিশ মোতায়েন থাকে। সবুজ প্রলেপ: নবাব কাটরা রোডের পোড়া দোকানগুলো ছাড়া আশপাশের সব দোকানপাট খুলেছে। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেল, পোড়া দোকানগুলোর দেয়াল ও ঝাঁপে (শাটার) রংমিস্ত্রিরা সবুজ রঙের প্রলেপ দিচ্ছে। একটি মুদিখানা, একটি পুরোনো কাগজের দোকান, একটি সেলুন ও বাখরখানির কারখানা ছাড়া অন্য দোকানগুলো পরিষ্কার করা হয়েছে। তবে ব্যবসা শুরু হয়নি গতকাল পর্যন্ত। এলাকায় গিয়ে দেখা গেছে, বসবাস শুরু হয়নি পোড়া ঘরবাড়িগুলোতেও। বেশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে একতলা ও দোতলা টিনের ছাউনি দেওয়া ঘরগুলো অগ্নিকাণ্ডের দুই দিন পরই ভেঙে ফেলা হয়েছিল। তবে সেই ধ্বংসস্তূপ গতকাল পর্যন্ত সরানো হয়নি। অন্য বাড়িগুলোর ছাদ ও ঘরের ভেতর থেকে পোড়া আবর্জনা সরিয়ে ধোওয়া-মোছা করা হচ্ছে। সিটি করপোরেশন থেকে এ আবর্জনা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানালেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহন। আগুনের মূল উৎস ৪৩/১ নম্বর পাঁচতলা বাড়িটি এত দিন বন্ধ ছিল। মঙ্গলবার থেকে এ বাড়িটিরও পরিষ্কার করা শুরু হয়। বাড়িটি এখন এলাকায় আতঙ্কের উৎস হয়ে আছে। পাশের ৪৪ নম্বর বাড়িটি একতলা টিনের ছাপরা। একেবারে রাস্তার সঙ্গে লাগোয়া। ইয়াসিন আরেফিন ও তাঁর ছোট ভাই ফখরুল আরেফিন বাড়ির বেঁকে যাওয়া জংধরা টিনের দরজা টেনেটুনে সোজা করছিলেন। মা-বাবা আর চার ভাইবোনের সংসার ছিল। ছোট দুই বোন ১৮ বছরের নীপা ও ১২ বছরের মমতাজ, বাবা আবুল কালাম আজাদ ও মা মনিরা বেগমের সঙ্গে ঘরেই পুড়ে মারা গেছেন। ইয়াসিন বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, ‘ঘরের দরজা খুললেই পথ। কিন্তু বারাইব ক্যামনে। রাস্তার উপরে তো আগুনের স্রোরত বইত্যাছিল।’ তাঁরা দুই ভাই চাকরি করেন, বাসায় ছিলেন না বলে প্রাণে বেঁচে গেছেন। এখন থাকেন নাজিমুদ্দিন রোডের একটি ভাড়া ঘরে। যাদের বাড়ি পুড়েছে, তারা সবাই আশপাশে আত্মীয়স্বজনের বাড়ি অথবা ঘর ভাড়া করে আছে। ইয়াসিনরা দুই ভাইয়ে মিলে গত কয়েক দিনে পুড়ে যাওয়া জিনিসপত্র সরিয়ে ঘরদোর যথাসম্ভব পরিষ্কার করে তুলেছেন। কিন্তু বাড়িতে থাকছেন না। জিনিসপত্র কিছু নেই। এ অভাব হয়তো পূরণ হবে। কিন্তু সবচেয়ে বড় যে অভাব মা-বাবা-বোন, তা তো আর পূর্ণ হবে না কোনো দিন। ছোট ভাই ফখরুল বললেন, ‘ঘরে আইলে মন পোড়ায়। থাকতে পরি না।’ক্ষতিপূরণের টাকা: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারপ্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ করে টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। তালিকা তৈরির কাজে দায়িত্বপ্রাপ্ত সার্কেল অফিসার (সিও) নীরোদচন্দ্র মণ্ডল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চার ধরনের তালিকা করা হয়েছিল। একটি তালিকা করা হয়েছে যেসব পরিবারের সদস্য মারা গেছে। এমন পরিবার পাওয়া গেছে ৬৮টি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে। গত শনিবার এই চেক বিতরণ করা হয়েছে। দ্বিতীয় তালিকাটি মৃতদের। এই তালিকায় পরিচয় পাওয়া গেছে, এমন ১০৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। লাশ দাফনের জন্য জনপ্রতি ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তৃতীয় তালিকাটি করা হয়েছে প্রাণহানি ঘটেনি কিন্তু বাড়ি বা দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। এই তালিকায় আছে ৭০ জন। তাদেরও তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। চতুর্থ তালিকায় আছে আহত ব্যক্তিরা। তাদের চিকিৎসার জন্য দেওয়া হয়েছে জনপ্রতি ১০ হাজার টাকা করে, ৪৯ জনকে। দ্বিতীয় থেকে চতুর্থ তালিকাভুক্তদের জন্য মোট ৪০ লাখ ৭৯ হাজার টাকা দেওয়া হয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে। তবে লাশ দাফনের টাকা বিতরণ নিয়ে কিছু অনিয়মেরও অভিযোগ করেছে এলাকাবাসী। তারা বলেছে, অগ্নিকাণ্ডের পর টাকার অপেক্ষায় না থেকে ভাড়াটে বাসিন্দাদের অনেকেই লাশ নিয়ে নিজ খরচেই যে যার গ্রামে চলে গেছে। অনেকেই তাদের ঠিকানাও জানে না। ফলে তাদের অনুপস্থিতিতে বরাদ্দের টাকা অন্যরা নিয়ে গেছে। ক্ষতিপূরণের টাকা বিতরণে বিলম্ব প্রসঙ্গে সিও জানান, তালিকভুক্তদের মধ্যে ময়মনসিংহের সৈকত হোসেন ও বেগমগঞ্জের সোহাগ নামের দুই নাবালক ছিল। তাদের অভিভাবকদের পাওয়া যাচ্ছিল না বলে টাকা বিতরণে বিলম্ব হয়েছে। সৈকত হোসেন ও সোহাগের গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে তাদের নামে ধোলাইপাড় অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর পর থেকেই ক্ষতিপূরণের অর্থের চেক বিতরণ শুরু হয়। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষতিপূরণের চেক বিতরণ শুরু হয়। সোমবার সৈকত ও সোহাগের চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাদের নামে এই টাকা এফডিআর করে দেওয়া হয়েছে। এর মধ্যে সৈকত হোসেন ও তার বোন নীপা আক্তার লিজার নামে ৫০ হাজার টাকা করে ভাগ করে দেওয়া হয়েছে। সৈকত-লিজার শিক্ষার ব্যবস্থা: সৈকত ও লিজার মা রিতা আক্তার গৃহপরিচারিকার কাজ করতেন। অগ্নিকাণ্ডে তিনি মারা গেছেন। তাদের বাবার সঙ্গে অনেক আগেই মায়ের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। নীরোদচন্দ্র মণ্ডল জানান, প্রধানমন্ত্রী লিজা ও সোহাগের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পড়ালেখার ব্যয় বহনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। লিজা-সোহাগ ছাড়াও যদি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিভাবকহীন শিশু থাকে, তাহলে তাদেরও শিক্ষার ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। তালিকা নিয়ে প্রশ্ন: ক্ষতিগ্রস্ত পরিবার ও নিহত ব্যক্তিদের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহন বলেন, জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে তালিকা করেছে, সেখানে নাম আছে ৬৮ পরিবারের ১০৫ জনের। অথচ মারা গেছে ১২২ জন। এ বিষয়ে নীরোদচন্দ্র মণ্ডল বলেছেন, মৃতের সংখ্যা বেশি হলেও তাঁরা ১০৫ জনেরই নাম-ঠিকানা ও অভিভাবক পেয়েছেন। অন্যদের কোনো খোঁজ পাননি। সাতটি লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হয়েছে। তবে তাদের অভিভাবকদের পরিচয় পাওয়া গেলে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তিনি বলেন, দাফনের টাকা জনপ্রতি হিসাব দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকার পরিমাণ নিয়ে অসন্তুষ্টি আছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে। যাদের বাড়ি বা দোকান পুড়েছে, এক লাখ টাকায় তারা দোকান বা বাড়ি গুছিয়ে তুলতে পারবে না বলে জানায়। কাউন্সিলর মোহাম্মদ মোহন বলেন, ক্ষতিপূরণের বরাদ্দ বাড়ানো উচিত। যাদের দোকান পুড়েছে, তারা সর্বস্বান্ত। তাদের বাড়তি কিছু টাকা দিলে আবার ব্যবসা চালু করতে পারবে।