নবাবগঞ্জ ও কক্সবাজারে আ.লীগের সংঘর্ষ গুলিবর্ষণ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ও কক্সবাজার শহরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ সময় সেখানে গুলিবর্ষণেরও ঘটনা ঘটে। রংপুরে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়। মাদারীপুরের শিবচর উপজেলার বিএনপির মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নবাবগঞ্জ (ঢাকা): গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ আব্দুল মান্নান খান গতকাল দুপুরে নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ সেখানে শ্রদ্ধা জানাতে যায়। ফেরার পথে নাসিরের পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন বাতেনের পক্ষের নেতা-কর্মীরা। একপর্যায়ে প্রতিমন্ত্রীর সামনেই বাতেনের পক্ষের উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে হাতুড়ি দিয়ে আঘাত করে প্রতিপ্রক্ষ। এতে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে আহত হন যুবলীগের চার কর্মী।প্রতিমন্ত্রী তাৎক্ষণিক গাড়িতে উঠে পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। নাসিরের সমর্থক নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রতিমন্ত্রীর পেছনে রওনা হলে বাতেনের পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। শহীদ মিনারের সামনে নাসিরের পক্ষ প্রতিপক্ষকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। আতঙ্কে তখন আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে বাতেনের পক্ষের নেতা-কর্মীরা রাস্তায় গাছ ফেলে অবরোধ করেন। এতে ঢাকা-বান্দুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে যান। প্রতিমন্ত্রীকে দেখে ক্ষুব্ধ নেতা-কর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হাসপাতালের সামনে প্রতিবাদ মিছিল করেন। প্রতিমন্ত্রী এ সময় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করার আশ্বাস দেন।নাসির উদ্দিন জানান, তাঁর পক্ষের কেউ গুলি ছোড়েনি। ঘটনাটি দুঃখজনক। বিষয়টি রাজনৈতিকভাবে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। কক্সবাজার: শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী। এরপর শহীদ মিনারে ফুল দিতে যান পৌর আওয়ামী লীগের বিদ্রোহী কমিটির আহ্বায়ক অশোক বড়ুয়ার নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী। তাঁরা শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় প্রধান সড়কের আল আমীন হোটেলের সামনে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। রাত দুইটা পর্যন্ত চলা দুই পক্ষের হামলা, পাল্টাপাল্টি ধাওয়াসহ অসংখ্য ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়। এ সময় ছয়টি গুলিবর্ষণ করা হয়। সংঘর্ষ চলাকালে একদল সন্ত্রাসী শহরের থানা মোড় এলাকায় ইভান প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা, নিচতলায় আল গণি রেস্তোরাঁ ও প্রধান সড়কে পাঁচটি মাইক্রোবাস ও অটোরিকশা ভাঙচুর করে। রাত দুইটার দিকে পুলিশ সড়কে নেমে ধাওয়া করলে উভয় পক্ষ পিছু হটে। পরে পুলিশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আহমদ ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মুজিবুরের সমর্থক শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুদ্দিন খোকন গ্রেপ্তার হওয়া দুজনসহ ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, পৌরসভা নির্বাচন নিয়ে দুই নেতার বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রংপুর: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার রাত ১২টার পর স্বাধীনতা দিবসের ফুল দেওয়া নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার তালুকদারের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে সংগঠনের নেতা-কর্মীরা ফুল না দিয়েই বাড়ি ফিরে যান। গতকাল দুপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানায়।কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, শহরের পরিস্থিতি শান্ত রাখতে শহীদ মিনার, আওয়ামী লীগের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।শিবচর (মাদারীপুর): উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা গতকাল দুপুরে শিবচর পৌর এলাকায় স্বাধীনতাযুদ্ধে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করে মিছিল নিয়ে ফিরছিলেন। মিছিলটি উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ডে পৌঁছালে জেলা ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী তাদের ওপর হামলা করেন। এতে ছাত্রদলের তিনজন কর্মী আহত হন। বিএনপির নেতা-কর্মীরা কাওড়াকান্দি ফেরিঘাটের বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে মাদবরচর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তাঁদের লাঠির আঘাতে বিএনপির সাতজন কর্মী আহত হন। এ সময় তাঁরা ভাঙচুর করেন ১২টি মোটরসাইকেল। আহত ব্যক্তিদের শিবচর উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে সাঈদকে ঢাকা মেডিকেল ও ঠাণ্ডু মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ছাত্রলীগের নেতা ফজলু মুন্সী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির মিছিলে কে বা কারা হামলা করেছে আমরা জানি না।শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, বিএনপির মিছিলে হামলার ঘটনা শুনেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি।