নবাবগঞ্জ পাবনায় গণপিটুনিতে দুইজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ ও পাবনা সদর উপজেলায় গতকাল শনিবার রাতে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। নবাবগঞ্জে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পাবনায় নিহত ব্যক্তির নাম মো. ইয়াকুব আলী (২৮)।ডাকাতি করে পালানোর সময় জনতার পিটুনিতে তাঁরা নিহত হন বলে দাবি করেছে পুলিশ। নবাবগঞ্জ: এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত দুইটার দিকে উপজেলার চরখলসী গ্রামের রিমন বিশ্বাসের বাড়িতে ১৫-২০ জনের একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে অর্থ, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে রিমন বিশ্বাস, তাঁর মা পদ্ম বিশ্বাস ও ছোট ভাই সমীর বিশ্বাস গুরুতর আহত হন। বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে একজনকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।পাবনা: গ্রামবাসী জানান, রাত একটার দিকে পাঁচ-ছয়জনের একদল ডাকাত অস্ত্রের মুখে তাজিয়াপাড়া গ্রামের হজরত আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াকুব মারা যান। আহত দিনাজপুরের শ্রীপুর গ্রামের মনির হোসেন ও সরাডাঙ্গী তাজিয়াপাড়া গ্রামের ইমরান শেখকে রাতেই পুলিশ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি তাজা হাতবোমা, একজোড়া স্বর্ণের বালা, দুটি স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করে। এ প্রসঙ্গে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই বাড়ির মালিক হজরত আলী বাদী হয়ে একটি ডাকাতির মামলা করেছেন।