নবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন, তিন বন্ধু আটক
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবগ্রামে স্বপন বিশ্বাস (১৯) নামের একজন এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। তিনি একই উপজেলার পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের তরণী বিশ্বাসের ছেলে। আজ শনিবার সকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বপনের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনি গতকাল রাত ১১টার দিকে বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী নবগ্রামে এক বিয়ের অনুষ্ঠানে যান। একপর্যায়ে বন্ধুদের গাঁজা খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এর জেরে বন্ধুরা স্বপনকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, পুলিশ স্বপনের তিন বন্ধু রুবেল মজুমদার (২০), গোবিন্দ চন্দ্র (১৯) ও শংকর পোদ্দারকে (১৮) আটক করেছে।এদিকে দোহার থানার ওসি বশির আহমেদ জানান, দোহার উপজেলায় ৮ মার্চ নারিশা পশ্চিম চরে মোসলেম হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনায় আহত ওয়াজেদ আলী (২৭) আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।