নবাবগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের হাতে ইউএনও লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাঞ্ছিত হয়েছেন। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় উপজেলা কমপ্লেক্সের ভেতরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও সালাম’ লেখা ব্যানার টাঙানো দেখে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ইউএনও মিরাজুল ইসলাম উকিলের কাছে বিষয়টি জানতে চেয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ইউএনওকে কিল-ঘুষি মারে ও ধাওয়া করে। এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশের ওপরও চড়াও হয়।পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিরাজুল ইসলাম উকিলকে নিরাপদে গাড়িতে তুলে দেন। নবাবগঞ্জ থানা ওসি মাসুদ করিম জানান, পরিস্থিতি এখন এখন শান্ত।