নবাবগঞ্জে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রকে ছুরিকাঘাত
ঢাকার নবাবগঞ্জে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আজ শনিবার এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। উপজেলার কোকিল প্যারী উচ্চবিদ্যালয়ে আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র রাশেদুল ইসলামকে (১৫) ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের ছাত্ররা দুই বখাটেকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-বান্দুরা সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে চার বখাটে কলাকোপায় কোকিল প্যারী উচ্চবিদ্যালয়ের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাশেদুল ইসলাম এর প্রতিবাদ করে। এ সময় বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। রাশেদের চিত্কার শুনে আশপাশের শিক্ষার্থীরা ছুটে এসে দুই বখাটেকে ধরে গণধোলাই দেয়। বাকি দুজন পালিয়ে যায়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বখাটে লিটন ও আলালকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে চায়। এ সময় শিক্ষার্থীরা বখাটেদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। রাশেদুলকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বান্দুরা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। কেরানীগঞ্জ সার্কেলের এএসপি মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে বখাটেদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এতে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন জানান, রাশেদুলের অবস্থা বেশ খারাপ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এএসপি মো. জাকারিয়া জানান, বখাটেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।