নবাবগঞ্জে বখাটের জামিনের খবরে সড়ক অবরোধ, বিক্ষোভ
ঢাকার নবাবগঞ্জে বখাটের জামিনের খবরে ক্ষুব্ধ হয়ে কলাকোপা কোকিল প্যারী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী আজ বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তারা ঢাকা-বান্দুরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ করে। এর ফলে দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-নবাবগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ আছে। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, ২ এপ্রিল কোকিল প্যারী উচ্চবিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রাশিদুল ইসলামকে বখাটেরা ছুরিকাঘাত করে আহত করে। পুলিশ তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর দুই দিন পর গতকাল মঙ্গলবার তাদের জামিন হয়েছে—এমন সংবাদ পেয়ে এক হাজারের বেশি শিক্ষার্থী ও অনেক অভিভাবক আজ সকাল ১০টা থেকে সড়ক অবরোধ, বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে। আন্দোলনকারীরা এ সময় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের পদত্যাগ দাবি করেন।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর বলেন, আদালত জামিন দিলে পুলিশের কিছু করার নেই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে বলে তিনি জানান।