নবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ায় একই স্থানে সম্মেলন আয়োজন করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত এবং বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নানের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে ঢাকা-নবাবগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।জানা গেছে, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এবং নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের পক্ষ আজ একই স্থানে সম্মেলন ডাকে। এতে উভয় পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ সকালে আবদুল মান্নান তাঁর নেতা-কর্মীদের নিয়ে শিকারীপাড়ায় সম্মেলনস্থলে যাচ্ছিলেন। তখন নবাবগঞ্জ বাজারের পশ্চিম পাশে খন্দকার আবু আশফাক পক্ষের লোকজন আবদুল মান্নানের পক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়। আহতেরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। এ ছাড়া আবদুল মান্নানের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে। এখনো ওই এলাকায় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু সালাম অভিযোগ করেছেন, মিঠু নামের তাঁদের এক কর্মীকে গুলি করা হয়েছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।