নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুরে ঢাকা-বান্দুরা সড়কে আজ শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত দুজনের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন নবাবগঞ্জের সোনাবাজু গ্রামের শাহজাহান (৩০)। অপর নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত একটি হিউম্যান হলারের চালকের সহকারী। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কটি অবরোধ করলে অন্তত দুই ঘণ্টা ওই পথে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কটির প্রায় এক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশ্য এখন ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় দুটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একটি হিউম্যান হলারের যাত্রী শাহজাহান ও তার চালকের সহকারী মারা যান। ঘটনার পরপর স্থানীয় লোকজন ঢাকা-বান্দুরা সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়েছে।