নবায়নযোগ্য জ্বালানির উত্পাদন বৃদ্ধির নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের বিদ্যমান বিদ্যুত্ পরিস্থিতির উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির উত্পাদন বৃদ্ধিতে আরও সক্রিয় হওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে ইডকলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, শেখ হাসিনা বায়োগ্যাস, উইন্ডমিল ও সোলার সিস্টেমের মতো নবায়নযোগ্য জ্বালানির প্রতি তাঁর ব্যক্তিগত আগ্রহের কথা ব্যক্ত করে নবায়নযোগ্য জ্বালানি আরও জনপ্রিয় করার জন্য ইডকল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসের লক্ষ্যে ‘ক্লিন এনার্জি’ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে উপকূলীয় এলাকা ও পার্বত্যাঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির উত্পাদন বৃদ্ধির জন্য ইডকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন।উল্লেখ্য, দেশের নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুত্, টেলিযোগাযোগ ও আইসিটি খাতে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে ইডকল প্রতিষ্ঠিত হয়। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ১০ লাখ এবং ২০১৪ সালের মধ্যে ২৫ লাখ গৃহস্থালী সৌরব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তৌফিক-ই-ইলাহি চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট সচিবেরা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।