ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক রায়হান। অনেক সময় লোডশেডিংয়ের কারণে তিনি মোবাইল ফোনে চার্জ দিতে পারেন না। গুরুত্বপূর্ণ সময়ে মোবাইল ফোন বন্ধ থাকার কারণে প্রায়ই তাঁকে পাওয়া যায় না। এ নিয়ে বন্ধুমহলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে তাঁকে বিভিন্ন সময় নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাঁর এ সমস্যার একটি সুন্দর সমাধান পেয়েছেন তিনি। বিদ্যুৎ না থাকলেও মোবাইল ফোন চার্জ করা যাবে। এ ধরনের সমস্যার সমাধান হিসেবে প্রদর্শনীতে সোলার মোবাইল চার্জার নিয়ে এসেছে ইমার্জিং এনার্জি সলিউশন। বিদ্যুতের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ৩ থেকে ৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণাকেন্দ্রে হয়ে যাওয়া নবায়নযোগ্য শক্তিপ্রযুক্তির জাতীয় প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ ব্যবহারের এমনই সব মডেল স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণাকেন্দ্র এবং বাংলাদেশ সৌরবিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ-প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। তাদের বের করা সৌরশক্তির প্রযুক্তির মডেল স্থান পেয়েছে এতে। নতুন নতুন প্রযুক্তির মধ্যে সোলার মোবাইল চার্জারসহ রয়েছে সোলার ফ্লাডলাইট, সোলার স্ট্রিটলাইটসহ আরও অনেক কিছু। সৌরবিদ্যুতে চালানো চার্জারটি আকারে প্রায় মোবাইল ফোনের সমান। তিন ওয়াটের একটি ছোট সোলার প্যানেল ব্যাটারি ও চার্জ কন্ট্রোলার দিয়ে তৈরি করা হয়েছে চার্জারটি। মেলায় ঘুরতে আসা ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘আমাদের মতো দরিদ্র দেশে বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহার করা উচিত। লোডশেডিং থেকে বাঁচতে আমাদের সৌরবিদ্যুতের ওপর জোর দেওয়া উচিত।’ বাংলাদেশে লোডশেডিং বেড়ে যাওয়ায় সৌরবিদ্যুতের ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এর ব্যবহারবিধি সহজ হয়ে আসছে। ছোটখাটো বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে এখন ব্যবহূত হচ্ছে বিশেষ ধরনের সোলার প্যানেল। আকারে ছোট এসব প্যানেলে সংযুক্ত থাকছে ব্যাটারি ও চার্জ কন্ট্রোলার। ফলে এটি সহজে বহনযোগ্য এবং ব্যবহার করাও সহজ। মেলার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ছোটখাটো এসব যন্ত্রপাতি সোলার-প্রযুক্তি দিয়ে চালালেও অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। প্রদর্শনীর প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনে ‘বাংলাদেশের চলমান বিদ্যুৎ-সমস্যা সমাধানে নবায়নযোগ্য শক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াসেফ ওসমান। তিনি বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর দিকে ঝুঁকছে। ছোট ছোট স্থাপনা তৈরি করে ঘরে ঘরে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা গেলে একদিন বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। তিনি আরও বলেন, এর ফলে প্রাকৃতিক গ্যাসের সাশ্রয় ও বায়ুদূষণ রোধ করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের প্রায় সব জায়গায় প্রতি বর্গমিটারে ৪ দশমিক শূন্য থেকে ৪ দশমিক ৫ কিলোওয়াট সৌরবিদ্যুৎ পড়ছে। বাজারে পাওয়া সোলার প্যানেল দিয়ে এ শক্তি ব্যবহার করে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। তিনি আরও বলেন, বিকল্প বিদ্যুৎ ব্যবহারে গবেষণা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সৌরবিদ্যুৎ সমিতির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, সহসভাপতি অধ্যাপক সাইফুল হকসহ আরও অনেকে। প্রদর্শনীতে ক্রেতা-দর্শনার্থীদের সোলার প্যানেলের প্রতি আগ্রহ লক্ষ করা গেছে। পুরো আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তিকেন্দ্রের পরিচালক অধ্যাপক রেজাউল করিম মজুমদার বলেন, ‘আমরা নতুন সোলারের মাধ্যমে ব্যবহার করা যায় এমন বিষয়গুলো নিয়ে গবেষণা করি এবং আবিষ্কার করার চেষ্টা করি।’ দেশে যদি যথাযথভাবে সৌরবিদ্যুৎ ব্যবহার করা যায়, তাহলে লোডশেডিং অনেকাংশে কমানো যাবে বলে তিনি জানান। তিন দিনব্যাপী সেমিনারে ২০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রদর্শনীতে সরকারি-বেসরকারি মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে শিলডার ইলেকট্রিক, ব্র্যাক সোলার, সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স, গ্রামীণ শক্তিসহ রহিমআফরোজের প্রদর্শনী সবার মনোযোগ কেড়েছে। এসব স্টলে সৌরবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং তার নমুনা উপস্থাপন করা হয়। তারিকুর রহমান খান