পথে নামলে ঢাকা শহরকে এখন নতুন বলে মনে হয়। এই রাজধানী শহর তো প্রতিদিনই বদলাচ্ছে। পুরোনো ঘরবাড়ি ভেঙে নতুন দরদালান উঠছে। তাতে পাড়া-মহল্লার চেহারাই পাল্টে যাচ্ছে। পথের পাশ দিয়ে ঝাঁ চকচকে সুপার মার্কেটের সারি। কাচের মোড়কে ঢাকা বহুতল বাণিজ্যিক ভবনগুলো রোদের কিরণে এমন করে চমকায় যে চোখে ধাঁধা লেগে যায়। নির্মিত হচ্ছে উড়ালসড়ক। চারপাশে তাকিয়ে মনেই হয় না যে চার শতাব্দীর পুরোনো এই জনপদ। যেন মনে হয় চলছে নতুন কোনো এক বসতি গড়ার কর্মযজ্ঞ, যা কিছুটা বিশৃঙ্খল আর অসমও বটে। কিন্তু এসব তো চোখ সওয়া।এই যে নির্মাণ, এই যে দৃষ্টির সামনে থেকে আকাশ আড়াল করে দেওয়া কংক্রিট কাঠামো, এই যে কেবলই কৃত্রিম বস্তুপুঞ্জের বিদ্ঘুটে সন্নিবেশ দৃষ্টিকে ক্লান্ত, মনকে ভারাক্রান্ত করে তুলছিল অবিরত—যেন এক জাদুর স্পর্শে পরিবর্তন ঘটে গেছে সেখানেই। সেটিই নতুন। এত দিন চারপাশে তাকালে কংক্রিটের কর্কশ দৃশ্যে ঘষা খেয়ে ফিরে আসা দৃষ্টি এখন নিবিড় সতেজ সবুজের স্নিগ্ধ স্পর্শে এক অনুপম প্রশান্তি বয়ে আনছে হূদয়ে। তাতেই মনে হচ্ছে, যেন নতুন হয়ে উঠেছে এই শহর।সেই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, কে দিল আবার আঘাত আমার দুয়ারে... কে সে, যার করস্পর্শে খুলে গেল এক অনন্য সৌন্দর্যের বন্ধ দুয়ার? উন্মোচিত হলো অনির্বচনীয় লাবণ্য সুষমার এক আধার? সৌন্দর্যের সেই বিপুল তরঙ্গ নিমেষে ঘুচিয়ে দিয়েছে চারপাশের রুক্ষতা। আর তাতেই নিষ্প্রাণ নির্মাণকেও যেন প্রাণস্পন্দিত বলেই মনে হচ্ছে। অচেনা আগন্তুক নয় সে, তাকে তো আমরা সবাই চিনি—ঋতুরাজ বসন্ত।মাঘের শেষ থেকেই বদলাতে থাকে শহরের ছবি। নবীন কিশলয়ে ভরে ওঠে শীতে রিক্ত তরুরাজি। মুকুলে মুকুলে ভরে ওঠে আমগাছগুলো। নেই নেই করেও ঢাকায় এখন অনেক পথেই উভয় পাশে, মাঝখানের বিভক্তি বরাবর গাছগাছালির সারি। এর মধ্যে দেবদারুই বেশি। চারপাশে ডালপালা ছড়ায় না বলে পথতরু হিসেবে তার প্রাধান্য। দারুমূল্যের কারণে মেহগনিরও দেখা মেলে প্রচুর। কচিপাতায় ছেয়ে থাকা শিরীষ, রেইনট্রির বিশালাকার ছাতার মতো উদ্বাহু শাখায় হিল্লোল তোলে দখিন হাওয়ার ঝাপটা। এসএম হলের ওদিকে গেলে পথের দুই পাশ দিয়ে শাখা বাড়িয়ে মাথার ওপর সবুজ আচ্ছাদন তৈরি করে রাখা বহুদিনের পুরোনো রেইনট্রিগুলোকে মনে হয় যেন নতুন সাজে সেজেছে। রমনা ও জাতীয় সংসদের ওদিকে কৃষ্ণচূড়ার সারি, সাতমসজিদ রোডেও। বৈশাখের প্রথমার্ধ নাগাদ এই চোখজুড়ানো তরতাজা সবুজের সমারোহ দেখা যাবে। তার পর থেকে আবার দিনে দিনে ধুলার আড়ালে ঢাকা পড়বে প্রকৃতির এই সুশোভন স্নিগ্ধতা। মলিনতা দখল করে নেবে সব সুষমা।দেখাই যায়, সারা বছর প্রায় অযত্নে পড়ে থাকে গাছপালাগুলো। সেটিই আমাদের দেশের সংস্কৃতি। প্রকল্পের অর্থ খরচের জন্য বিপুল তোড়জোড় করে কিছু একটা করা হলো, কিন্তু পরে তার আর কোনো দেখভাল নেই। এই পথতরুগুলোও সেই প্রক্রিয়ার অন্তর্গত। প্রকৃতির নিয়মেই অদম্য প্রাণশক্তিতে সেগুলো টিকে আছে। বেড়েও উঠছে। বসন্তে নতুন পাতা গজায়। ফুল ফোটে, বাতাসে ছড়িয়ে পড়ে সৌরভ। কয়েক দিনের জন্য কৃত্রিম শহরে বুলিয়ে দেয় লাবণ্যের স্পর্শ। তারপর কচি পাতার ফিকে সবুজ রং গাঢ় হতে থাকে। তার সঙ্গে পাল্লা দিয়ে পথের ধুলা-ময়লার পুরু স্তর জমতে থাকে তাদের ওপর। কালো কটাসে হয়ে পড়ে চেহারা। গাছকে আর গাছ বলে মনে হয় না, মনে হয় তাদের প্রেতাত্মা। আবার কদর্য হয়ে ওঠে শহরের দৃশ্যপট।