নবীন-প্রবীণের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্ত-বিস্তৃত খেত। যত দূর চোখ যায়, শুধু পাকা ধান। কৃষকেরা কাস্তে হাতে ধান কাটছেন, সেই ধান ঘরে নিতে পাশেই অপেক্ষমাণ গরুর গাড়ি। ঢোল বাজাচ্ছেন একজন। তাঁকে ঘিরে অন্যরাও মেতে উঠেছেন আনন্দ উৎসবে। পথের ধারে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কোনো এক পথশিশু। এ রকম বেশ কিছু চেনা চিত্রকর্ম। আবার নতুন বেশ কিছু চিত্রকর্ম দেখেও মন ভরবে। গতকাল শনিবার গুলশানের সাজু আর্ট গ্যালারিতে শুরু হওয়া দেশবরেণ্য নানা শিল্পীর বিখ্যাত চিত্রকর্মের পাশাপাশি তরুণ শিল্পীদের চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে ‘গ্র্যান্ড গ্রুপ আর্ট প্রদর্শনী’। গ্যালারির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও আমেরিকার রাষ্ট্রদূত ড্যান মজীনা। স্বাগত বক্তব্য দেন সাজু আর্ট গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক রমিজ আহমেদ চৌধুরী সাজু।এটি এই গ্যালারির ৭১তম প্রদর্শনী ও ৩১তম ‘গ্র্যান্ড গ্রুপ আর্ট প্রদর্শনী’। এতে প্রবীণ ও নবীন ৮৫ জন শিল্পীর ১৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। জল রং, তেল রং, অ্যাক্রেলিক, মিশ্র রংসহ বিভিন্ন মাধ্যমে এঁকেছেন শিল্পীরা। কর্মিষ্ঠ মানুষ, নারী ও পুরুষের অবয়ব উঠে এসেছে শিল্পীদের চিত্রপটে। শিল্পী কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, শামসুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী, আবু তাহের, আব্দুস শাকুর শাহ্, বীরেন সোম, শাহাবুদ্দীন আহমদ, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী প্রমুখ শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। চলবে আগামী ৮ মে পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।