নবীনগরে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আজ বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে উপজেলা সদর লঞ্চঘাটের সামনে আওলাদ মিষ্টিবিতানসংলগ্ন আলিমুদ্দিন মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই সময়ের মধ্যে মার্কেটের একটি কাপড়ের দোকান, একটি জুতার দোকান, একটি স্টেশনারি দোকান, একটি ওষুধের দোকান ও একটি লেপ-তোষকের দোকান পুড়ে যায়।আগুন লাগার খবর শুনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম ও পৌরসভার সচিব মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম বলেন, নবীনগরে দমকল বাহিনী না থাকায় উপজেলা সদরে গত কয়েক মাসের অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। আজকের অগ্নিকাণ্ডে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।