নবীনগরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর আওয়ামী লীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজ বুধবার সকালে পাঁচজন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরে আওয়ামী লীগের দুটি বিবদমান পক্ষ আছে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন এবাদুল করিম। অপরপক্ষের নেতৃত্বে আছেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফ। সম্প্রতি আবদুর রউফ পক্ষের সমর্থক শফিকুল ইসলামকে আহ্বায়ক করে নতুন কমিটি করা হয়। তারা আজ সকাল ১০টার দিকে মিছিল বের করে। এ সময় এবাদুল করিম পক্ষের লোকজন তাতে হামলা চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসে। এ সময় পুলিশের পাঁচ সদস্য ও আওয়ামী লীগের দুই পক্ষের পাঁচজন আহত হয়। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।