নবীনগরে আবারও সংঘর্ষ, দোকান ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বাড্ডা ও বাঞ্ছারামপুরের দরিকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ রোববার বেলা ১১টা থেকে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। একপর্যায়ে গ্রামবাসীরা নবীনগরের জীবনগঞ্জ বাজারের ৮-১০টি দোকানে ভাঙচুর এবং দুটি দোকানে আগুন ধরিয়ে দেয়।জেলার পুলিশ সুপার জামিল আহমেদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে উভয় গ্রামের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের পর দুটি দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।প্রসঙ্গত, বাঞ্ছারামপুরের দরিকান্দি বাড্ডা আস্মাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে নবীনগর উপজেলার বাড্ডা ও বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের কয়েকজন ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় গ্রামের দুই সহস্রাধিক লোকের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই থানার তিনজন পুলিশ কর্মকর্তা ও চারজন কনস্টেবলসহ দুই গ্রামের অর্ধশতাধিক লোক আহত হয়। গতকালের সংঘর্ষেও ১০-১২টি দোকান ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।