নবীনগরে আসামিপক্ষের হামলায় ১০ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামে গতকাল বুধবার রাতে অপহূত এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলায় দুই নারীসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার ওই গ্রামের দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছে পুলিশ।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে গত ২৬ ফেব্রুয়ারি বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের এনামুল হক (২২) ও তাঁর সহযোগীরা অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝরনা বেগম বাদী হয়ে গত ২৯ ফেব্রুয়ারি নবীনগর থানায় একটি অপহরণের মামলা করেন। নবীনগর থানার পুলিশ ওইদিনই রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ভদ্রগাছা গ্রামে আসামি এনামুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে অপহূত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় এনামুল হক শতাধিক লোক নিয়ে সশস্ত্র অবস্থায় পুলিশের ওপর হামলা চালান। হামলাকারীরা পুলিশের কাছ থেকে অপহূত ওই ছাত্রীকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় উপপরিদর্শক (এসআই) কামাল আব্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম, এএসআই বেলাল আহমেদ, কনস্টেবল শাহানা আক্তার ও সাবিনা আক্তারসহ কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য আহত হন।এ ঘটনায় এসআই কামাল আব্বাস বাদী হয়ে নবীনগর থানায় আজ একটি মামলা করেছেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অপহূত ওই ছাত্রীকে আবারও উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জন্য আমি নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছি। আশা করছি, ওই ছাত্রীসহ দ্রুত আসামিরা ধরা পড়বে।’