নবীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা হুমায়ুন কবিরকে (৪৫) আজ রোববার গ্রেপ্তার করা হয়েছে। ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান হতাকাণ্ডের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভৈরবনগর বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সকালে প্রথম আলোকে জানান, ভৈরবনগর বাজারের একটি চা-স্টলে হুমায়ুন কবির চা খাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবনগর বাজারে অভিযান চালিয়ে সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, জিল্লুর রহমান হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি হুমায়ুন কবির চেয়ারম্যান অনেক দিন ধরেই পলাতক ছিলেন। এ হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৯ সালের ২৭ অক্টোবর সকালে জিল্লুর রহমান (৪৮) খুন হন। হত্যাকাণ্ডের পর নিহত জিল্লুর রহমানের ছেলে মাহবুবুর রহমান বিএনপি নেতা ও নাটঘর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে ৫৫ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা করেন।