নবীনগরে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলায় গণপিটুনিতে আন্তজেলা ডাকাত দলের সর্দার টাইগার সামাদসহ তিন ডাকাত নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। সামাদের বাড়ি উপজেলার কাইতলা গ্রামে। অন্য দুজন হলেন ইলিয়াস (৩৮) ও মফিজ (৪০)। তাঁদের বাড়ি চট্টগ্রামে। এ ঘটনায় পুলিশ ডাকাত দলের বিউটি নামের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে একটি এলজি ও নয়টি গুলি উদ্ধার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বীটঘর গ্রামে সশস্ত্র একটি ডাকাত দল ডাকাতি করতে যায়। এ সময় টহল পুলিশ ডাকাত দলকে দেখে ধাওয়া করলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় মসজিদের ইমাম মসজিদের মাইক থেকে ডাকাতদের ধরতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে এলাকাবাসী ছুটে আসে এবং ডাকাতদের ঘিরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই তিন ডাকাত মারা যান। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে আজ শুক্রবার সকালে পুলিশ ওই এলাকায় গিয়ে একটি বাড়ি থেকে লুকিয়ে থাকা বিউটিকে গ্রেপ্তার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, টাইগার সামাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।