নবীনগরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রসুল্লাবাদ গ্রামের তাজুল ইসলাম (৩২)। গত এক সপ্তাহে এ এলাকায় এই নিয়ে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানায়, রসুল্লাবাদ গ্রামের পূর্বপাড়ায় রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের বাড়িতে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১৫-২০ জনের সশস্ত্র একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় বাড়ির মহিলারা ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ঘেরাও করে। এতে ডাকাতেরা একাধিক ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করে। এ খবর মুহূর্তে পুরো গ্রামে ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোক লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে তিন ডাকাতকে লোকজন ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। পরে লোকজনের গণপিটুনিতে মারা যায় দুই ডাকাত। আর টিটন দেব (৩০) নামের এক ডাকাতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা রঞ্জিত পাল বলেন, ‘রসুল্লাবাদ গ্রামে ইদানীং চুরি-ডাকাতির ঘটনা অহরহ ঘটছে। গত এক সপ্তাহে গ্রামে তিনটি ভয়াবহ ডাকাতির ঘটনার পর গ্রামবাসী এখন আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছে।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তাজুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, এর আগে ওই গ্রামে ৪ ফেব্রুয়ারি রাতে রসুল্লাবাদ উচ্চবিদ্যালয় ও ৮ ফেব্রুয়ারি গ্রামের দীলিপ চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ওই দুটি ডাকাতির ঘটনায় নারীসহ চারজন আহত হয়।