নবীনগরে চলছে শোকের মাতম
‘সোমবার রাইত নয়টার দিকে শেষবারের মতো দুই পোলা (ছেলে) ফোন কইরা কইছিল, আব্বা সামনের বড় ঈদে (ঈদুল আজহা) আমরা দেশে আইতাছি। আপনেরা কুনু চিন্তা কইরেন না। এর কয়েক ঘণ্টা পরই রাইতে খবর পাইলাম, মালয়েশিয়াতে আমার দুই পোলাই নাকি আগুনে পুইরা মারা গেছে। আমি এহন কি করুম, সব শেষ হইয়া গেছে।’দুই ছেলেকে হারিয়ে গতকাল মঙ্গলবার এভাবে আহাজারি করেন গাজীউর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে তাঁর বাড়ি।গত সোমবার গভীর রাতে মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে তাঁর দুই ছেলে বশীর মিয়া ও ফারুক মিয়া মারা গেছেন।গাজীউর রহমান জানান, ধারদেনা করে পাঁচ বছর আগে বড় ছেলে বশীর ও ছয় মাস আগে মেজ ছেলে ফারুককে তিনি মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন। এই ঋণ এখনো পুরোপুরি শোধ হয়নি। সামনের ঈদে বাড়ি এলে বড় ছেলেকে বিয়ে করাবেন বলে মেয়েও পছন্দ করে রেখেছিলেন। কিন্তু আগুনের শিখায় বিলীন হয়েছে তাঁর সে স্বপ্ন-সাধ।উপজেলার ধরাভাঙ্গা গ্রামের গোলাম হোসেন কিবরিয়ার ছেলে গোলাম সারোয়ার ওরফে বাবুও মারা গেছেন একই ঘটনায়। গোলাম হোসেন বলেন, ‘শেষ সম্বল নিজের বসত বাড়িটি আড়াই লাখ টাকায় বিক্রি করে চার বছর আগে ছেলেকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলাম। এখন বাড়িও গেল, ছেলেও গেল। এখনো অনেক টাকা ঋণ। কী করে যে এখন বাঁচব, একমাত্র আল্লাহই জানেন।’ তাঁর সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।উপজেলার নূরজাহানপুর গ্রামের আবদুল্লাহ আল ফরহাদ ওরফে সজীবের বাবা জয়নাল আবেদীন বলেন, ‘আমার একমাত্র ছেলে সজীব উচ্চমাধ্যমিক পাসের পর স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে পড়াশোনার পাশাপাশি চাকরি করে বেশ ভালোই ছিল। কিছু দিন পর পড়াশোনা শেষে তার বাড়ি ফেরার কথা ছিল, এই মৃত্যু সব উলট-পালট করে দিল।’সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরশ মিয়া ও বড়িকান্দি ইউপির চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এলাকার পাঁচজন প্রবাসীকে হারিয়ে পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে। সরকারি উদ্যোগে এসব লাশ প্রত্যেকের পরিবারের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার দাবি জানান তাঁরা।ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত মহাজোটের সাংসদ (জাসদ-ইনু) শাহ জিকরুল আহমেদ আজ বুধবার সকালে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাটি খুব মর্মান্তিক। এর মধ্যে লাশ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে ৩৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা করে দেওয়া হবে।’ লাশ দ্রুত আনার ব্যবস্থা করা হয়েছে।