নবীনগরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল রোববার রাতে মনির হোসেন ওরফে হোন্ডা মনির (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। তিনি উপজেলা ছাত্রলীগের পারভেজ গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন মনির। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের কোনাঘাট এলাকায় আসার পর পাঁচ-ছয়জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তারা মনিরের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মনিরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাত্ক্ষণিকভাবে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হলে রাত একটার দিকে তিনি মারা যান। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক মোহাম্মদ ইউনুছ বলেন, মনিরের মাথায় দায়ের নয়টি কোপসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নবীনগর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ব্যবসার ভাগ-বাটোয়ারা ও চোরাই মোটরসাইকেল কেনাবেচা নিয়ে ছাত্রলীগের পারভেজ গ্রুপের কয়েকজন সদস্যের সঙ্গে মনিরের চরম দ্বন্দ্ব-সংঘাত চলছিল। এর জের ধরেই তাঁকে খুন করা হতে পারে।এদিকে মনিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ সকাল সাড়ে ১১টার দিকে তাঁর বিক্ষুব্ধ কয়েকজন সমর্থক ছাত্রলীগের ওই গ্রুপের আহবায়ক পারভেজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে আগুন জ্বলছে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মনিরের গ্রামের বাড়ি নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে। তাঁর বাবার নাম জীবন ব্যাপারী।