নবীনগরে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদের কাছে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের আরোহী তিনজন শ্রমিক নিহত ও চারজন আহত হন। পুলিশ লাশ তিনটি উদ্ধার করেছে। আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়া গ্রামের লিটন মিয়া (২২), আলম মিয়া (২৫) ও সীমরাইলকান্দি গ্রামের রায়হান মিয়া (২০)। পুলিশ ও আহত এক শ্রমিক আরিফ মিয়া জানান, চট্টগ্রাম থেকে ৬২টি বিটুমিনের (পিচ) ড্রাম নিয়ে ট্রাকটি নবীনগরের রসুল্লাবাদে আসছিল। কিন্তু রসুল্লাবাদের কাছে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু ও চারজন আহত হন। আশপাশের লোকজন এসে লাশগুলো টেনে বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলো ডটকমকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।’