নবীনগরে তুচ্ছ ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ রোববার তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল আউয়ালের বাড়িতে আজ ভোরে তাঁর স্ত্রী রান্না করছিলেন। রান্নার সময় চুলার অতিরিক্ত ধোঁয়ার অভিযোগ তোলেন প্রতিবেশী নাজির মিয়া। ধোঁয়া বন্ধ করার জন্য আউয়ালকে গালিগালাজ করেন তিনি। এ নিয়ে আউয়াল ও নাজিরের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সকাল সাতটার দিকে ধারালো ছুরি দিয়ে আউয়ালের (৪৫) বুকের বাঁ দিকে আঘাত করেন নাজির। আউয়ালকে বাঁচাতে তাঁর ছোট ভাই সুলতান মিয়া (৪০) ও তাঁর (সুলতান) স্ত্রী আলেয়া বেগম (৩০) ছুটে এলে তাঁদেরও ছুরি দিয়ে আঘাত করেন নাজির।ঘটনার পরপরই আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুলতান ও তাঁর স্ত্রী আলেয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।