নবীনগরে দফায় দফায় হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুলাসিন গ্রামে আজ বুধবার দফায় দফায় হামলা চালিয়েছে পাশের কাদৈর গ্রামের লোকজন। এ সময় নারী, শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে টেঁটাবিদ্ধ তিন নারীসহ ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কুলাসিন গ্রামের অন্তত ৪০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং লাখ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নবীনগরের উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. শফিউর রহমান, ওসি আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন। কুলাসিন গ্রামের বাসিন্দাদের ভাষ্যমতে, লক্ষ্মীপূজার রাতে কাদৈর গ্রামের কয়েকজন যুবক কুলাসিন গ্রামে পূজা দেখতে এসে একটি মেয়েকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় কুলাসিন গ্রামের ছেলেদের হাতে কাদৈর গ্রামের ছেলেরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়। এর জের ধরে আজ সকাল আটটার দিকে কাদৈর গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুলাসিন গ্রামে দফায় দফায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা অন্তত ৪০টি বাড়িতে ভাঙচুর করে এবং বাড়িঘরের মালামাল লুটে নেয়। এলাকার লোকজন অভিযোগ করেন, কাদৈর গ্রামের শওকত, সালাউদ্দিন ও মনিরের নেতৃত্বে সহস্রাধিক লোক কুলাসিন গ্রামের নিরীহ মানুষের বাড়িতে দফায় দফায় হামলা ও লুটপাট চালায়। তাদের বাধা দিতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হন।হামলার শিকার কুলাসিন গ্রামের দরিদ্র বিধবা নাসিমা আক্তার (৫৫) বলেন, ‘আমার তিন ছেলেমেয়ের দুটিই প্রতিবন্ধী। ধারদেনা করে কেনা একটি অটোরিকশার আয় দিয়ে আমার সংসার চলে। হামলাকারীরা সবকিছু লুটে নেওয়ার পাশাপাশি আমার রিকশাটাও ভেঙে দিয়ে গেছে।’ পাশের সলিমগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাউদ্দিন বলেন, এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনাস্থল ঘুরে এসে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দুই গ্রামের মাতবরদের নিয়ে বৈঠক করেছি। তাঁরা বিচার-সালিসের মাধ্যমে এ ঘটনার মীমাংসা করতে রাজি হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’