নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ রোববার সকালে বিবদমান দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে সাবেক দুই ইউপি সদস্য তাহের মিয়া ও মদন মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকাল সাতটার দিকে পূর্ববিরোধের জের ধরে উভয় পক্ষের সশস্ত্র লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত ব্যক্তির নাম ইয়াছিন মিয়া (২৫)। তিনি তাহের মিয়ার সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিত্সার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন।বিদ্যাকুট ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধের জের ধরে সাবেক দুজন ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।ঘটনাস্থল থেকে মুঠোফোনে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বেলা ১১টার দিকে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘সংঘর্ষে একজন নিহত ও ৩০ জনের মতো আহত হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত।’বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।