নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এই সংঘর্ষ হয়। নিহতরা হলেন— সাবেক ইউপি সদস্য গুতু মিয়া (৪৮) ও মনু মিয়া (৭০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে শিশু এবং বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ওরফে গোলাপ চেয়ারম্যানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে আজ বিকেলে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলামের সমর্থক ও সাবেক ইউপি সদস্য গুতু মিয়া (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। রক্তক্ষয়ী এই সংঘর্ষের খবর পেয়ে মনু মিয়া (৭০) নামে সাইফুল ইসলাম পক্ষের আরেকজন সমর্থক ঘটনাস্থলে হূদরোগে আক্রান্ত হন। পরে মনু মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষনা করেন। আহত ১০ জনের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া ও দুজনকে কুমিল্লার হাসপাতালে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।