নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কেদারখোলা গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাফিউদ্দিন মিয়া (৪৮)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেদারখোলা গ্রামে বিল্লাল মিয়া সর্দার ও আমজাদ মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। সর্বশেষ ঈদুল আজহার দিনেও গ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরেই আজ সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাফিউদ্দিন মিয়া ঘটনাস্থলেই টেঁটাবিদ্ধ হয়ে মারা যান এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। নিহত সাফিউদ্দিন বিল্লাল মিয়া গ্রুপের বলে এলাকাবাসী জানিয়েছেন। আহত ব্যক্তিদের নবীনগর, রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।