নবীনগরে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ শুক্রবার দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে ও আরেকজন পানিতে ডুবে মারা গেছে।মৃত শিশুরা হলো: রেহেনা খাতুন (১২) ও আসাদুল্লাহ (৪)। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের রেহেনা খাতুন আজ শুক্রবার ভোররাতে সেহরি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে বমি করতে থাকে। তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। রেহেনা খাতুনের বাবা নসু মিয়া হাসপাতালে প্রথম আলো ডটকমকে এ কথা জানান।এদিকে উপজেলা সদরের খাজানগর গ্রামের আসাদুল্লাহ আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের তিতাস নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক আসাদুল্লাহকে মৃত ঘোষণা করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা সৈয়দ দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।