নবীনগরে ধর্ষণের মামলায় তিন যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাঁঠালিয়া গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাবেকুন্নাহার ধর্ষণ মামলায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে কাঁঠালিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাঁঠালিয়া গ্রামের সৈয়দ রাসেল হোসেন (১৯), সোহরাব হোসেন (২৩) ও দেলোয়ার হোসেন (২৪)। এর আগে এ মামলার এজাহারভুক্ত আসামি দয়াল পালকে (২৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়। এ মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মীর মাহাবুবুর রহমান তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। অযথা হয়রানির জন্য পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।এমন অভিযোগ অস্বীকার করে এসআই মীর মাহাবুবুর রহমান বলেন, মামলার তদন্তের ভিত্তিতেই এঁদের গ্রেপ্তার করা হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। মামলার তদন্ত অব্যাহত আছে।প্রসঙ্গত, ধর্ষণের শিকার কাঁঠালিয়া গ্রামের সাবেকুন্নাহার গত ১০ এপ্রিল রাতে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। পরদিন এ ঘটনায় নবীনগর থানায় দুজনের নাম উল্লেখ করে পাঁচ-ছয়জনের বিরুদ্ধে একটি মামলা (ধর্ষণজনিত মৃত্যু) হয়।