নবীনগরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ রোববার ভোরে পুলিশের হেফাজতে নুরুল হক (৪৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। নুরুলের মৃত্যু নিয়ে তাঁর পরিবার ও পুলিশ দুই ধরনের দাবি করেছে। আর বিষয়টি তদন্ত করতে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের দাবি, শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নূরন্নবীর নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাতে বিদ্যাকুট গ্রামে অভিযান চালায়। এ সময় তারা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুরুলকে গ্রেপ্তার করে শিবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। গ্রেপ্তারের পর পরই তাঁর বুকে ব্যথা শুরু হলে প্রথমে তাঁকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ভোর ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। নুরুলের চাচাতো ভাই মো. ফারুক মিয়া দাবি করেছেন, পুলিশ তাঁর ভাইকে পিটিয়ে মেরে ফেলেছ।তবে শিবপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বলা হয়েছে, নুরুলের ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তাঁর হয়তো হার্টের সমস্যা ছিল। তাই পুলিশের ভয়ে হার্টফেল করে থাকতে পারে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।জেলার পুলিশ সুপার মো. মোকলেসুর রহমান জানান, এ ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।