নবীনগরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটি বিশারা গ্রামে গতকাল বুধবার ঈদের দিন রাতে পূর্ববিরোধের জের ধরে একটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।একপর্যায়ে হামলাকারীরা প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দিলে ওই বাড়ির কমপক্ষে সাতটি ঘর পুড়ে যায়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।পরে এ ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ৩৪ জনকে আসামি করা হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মহিউদ্দিন মিয়া ও কাজল মিয়ার মধ্যে সম্প্রতি বিরোধ চলছিল।গ্রামবাসী জানায়, পুকুরে মাছ ধরার একটি ঘটনাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার মহিউদ্দিনের লোকজন কাজল মিয়ার ভাতিজা শাহ পরানকে (২০) প্রচণ্ড মারধর করে। এ ঘটনার প্রতিশোধ নিতে কাজল মিয়ার লোকজন গতকাল বিকেলে মহিউদ্দিনের ভাই জালালকে মারধর করে। পরে উত্তেজিত হয়ে মহিউদ্দিনের লোকজন গতকাল সন্ধ্যায় কাজল মিয়ার বাড়িতে হামলা ও লুটপাট চালায়। একপর্যায়ে তারা কাজল মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।বাড়ির গৃহকর্তা কাজল মিয়া টেলিফোনে অভিযোগ করেন, ‘মহিউদ্দিন মিয়ার লোকজনের এই সশস্ত্র হামলা, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের পরিবারের কমপক্ষে সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করছি।’তবে মহিউদ্দিন মিয়া মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্রামে আধিপত্য নিয়ে আমার সঙ্গে কাজলের কোনো বিরোধ নেই। মূলত আগের একটি ঘটনার জের ধরে কাজলের লোকজনই বরং আমার ছোট ভাই ও কয়েকজনকে গতকাল বুধবার মারধর করেছে। আগুন লাগানোর ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নেই।’সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে টেলিফোনে রাত সোয়া নয়টায় প্রথম আলোকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনায় সাতটি ঘর পুড়ে গেছে। আশপাশের গ্রামের লোকজন সময়মতো ছুটে এসে আগুন না নেভালে আরও বড় ধরনের ক্ষতি হতো।